ধুঁকছে জিপি-বিসিবি একাডেমি
যে উইকেটে ৫৮১ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা একাডেমি, সেখানেই ধুঁকছে জিপি-বিসিবি একাডেমি দল। দক্ষিণ আফ্রিকার নতুন বলের দুই বোলারের তোপে ১২ ওভারের মধ্যেই প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে বসেছিল জিপি-বিসিবি একাডেমি। মমিনুল হক ও মাহমুদুল হাসানের দৃঢ়তায় তবু দিনের শেষটা খুব খারাপ যায়নি। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে দুজন ৮৪ রান তোলায় দিন শেষ হয়েছে ৫ উইকেটে ১৩১ রানে।চতুর্থ ওভারে ওপেনার রনি তালুকদারকে আউট করে ধ্বংসযজ্ঞের শুরু করেন প্যাটারসন। ওয়েস্টার্ন প্রভিন্সের ফাস্ট বোলার পরে আউট করেছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও শুভাগত হোমকেও। নতুন বলে প্যাটারসনের সঙ্গী হারডুস ভিলিওন আউট করেছেন ওপেনার মাইশুকুর রহমান ও আসিফ আহমেদকে। জিপি-বিসিবির ৫ উইকেট নেই ৪৭ রানের মধ্যেই। অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক মাহমুদুলকে নিয়ে এরপর হাল ধরেন মমিনুল। ৮১ বলে ৫১ রান নিয়ে দিন শেষ করেছেন মমিনুল, ৩৩ রানে মাহমুদুল।এর আগে কাঙ্ক্ষিত ডাবল সেঞ্চুরিটি পেয়েছেন ১৭৯ রান নিয়ে দিন শুরু করা ক্রিস্টিয়ান স্কোমেন। শুভাশিসের বলে ২১২ রানে আউট হলে ভেঙে যায় রোমানো টারব্লানশের সঙ্গে তাঁর ১৪৯ রানের জুটি। জিপি-বিসিবির যন্ত্রণা তখনো শেষ হয়নি। সপ্তম উইকেটে ডেন পিয়েটকে নিয়ে ১৩১ রানের জুটি গড়েন রোমানো। তবে আগের দিন প্যাট্রিক বোথার (৯৩) মতো নড়বড়ে নব্বইয়ে কাটা পড়েছেন রোমানোও (৯৫)। রোমানোকেসহ দক্ষিণ আফ্রিকার শেষ ৪ উইকেট বিসিবি একাডেমি তুলে নেয় মাত্র ৪০ রানে। আগের দিন কোনো উইকেট না পাওয়া পেসার শুভাশিস কাল ৩ উইকেট নিয়ে বিসিবি একাডেমির সফলতম বোলার। বাঁহাতি স্পিনার শাকের নিয়েছেন ৩ উইকেট।দক্ষিণ আফ্রিকা একাডেমি: ১৪১.৩ ওভারে ৫৮১ [প্রথম দিন শেষে ৪০১/৫] (স্কোমেন ২১২, রোমানো ৯৫, পিয়েট ৪৬, ভিলিওন ১, মাসেকালা ৮*, প্যাটারসন ৮; শুভাশিস ৩/১০০, শাকের ৩/১৬৫, শুভাগত ২/৫৮, আল আমিন ১/৫৫)। জিপি-বিসিবি: ৩০ ওভারে ১৩১/৫ (মাইশুকুর ১০, রনি ৪, আসিফ ৩, মিঠুন ৪, শুভাগত ১৩, মমিনুল ব্যাটিং ৫১, মাহমুদুল ব্যাটিং ৩৩; প্যাটারসন ৩/৪৮, ভিলিওন ২/৩৬)।