জেমস ফ্রাঙ্কলিন লড়াই চালিয়ে যাচ্ছেন। হাতে মাত্র ২ উইকেট। এ অবস্থায় ফ্রাঙ্কলিন নিউজিল্যান্ডকে কতদূর নিয়ে যেতে পারেন, এখন সেটাই দেখার বিষয়। হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিনে ভারতের প্রথম ইনিংসে করা ৪৩৮ রানের জবাবে কিউইদের সংগ্রহ ৮ উইকেটে ১৫৮। ভারতের সংগ্রহ থেকে এখনো ২৮০ রানে পিছিয়ে আছে তারা। আপাতত ফলোঅন এড়ানোর লক্ষ্য নিয়েই ব্যাট করছে নিউজিল্যান্ড। ফ্রাঙ্কলিন অপরাজিত আছেন ৪২ রানে।গতকাল ভারতের ৪৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড স্পিন তোপের মুখে পড়ে। প্রজ্ঞান ওঝা ও রবিচন্দ্রন অশ্বিনের সামনে অসহায় কিউইরা নিয়মিত বিরতিতে উইকেট হারান। ওঝা ৩টি ও অশ্বিন ৪ উইকেট নিয়ে ম্যাচটিকে করে তুলেছেন একপেশে। এর আগে ম্যাককালাম ২২ ও উইলিয়ামসন ৩২ রান করে নিউজিল্যান্ডকে রক্ষা করেন ভয়াবহ লজ্জা থেকে। ৫ উইকেটে ১০৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা নিউজিল্যান্ড প্রথম সেশনে আরও ৩ উইকেট হারিয়ে বসেছে।এর আগে ভারত চেতেশ্বর পূজারার অনবদ্য ১৫৯, মহেন্দ্র সিং ধোনির ৭৩ ও বিরাট কোহলির ৫৮ রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ৪৩৮ রান সংগ্রহ করে। তথ্যসূত্র: রয়টার্স।