ধুঁকছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডি কক আর আমলা আবারও শুরুতে ভোগালেন ভারতকে। দুজনই আজ তুলে নিয়েছেন সেঞ্চুরি
ডি কক আর আমলা আবারও শুরুতে ভোগালেন ভারতকে। দুজনই আজ তুলে নিয়েছেন সেঞ্চুরি

শুরুটা যেভাবে হয়েছিল, শেষটা সেভাবে করতে পারল না দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার হাশিম আমলা ও কুইনটন ডি কক প্রথম ৩৫ ওভারেই সংগ্রহ করেছিলেন ১৯৪ রান। কিন্তু শেষ ১৪ ওভারে ছয় উইকেট হারিয়ে স্বাগতিকদের স্কোর বোর্ডে জমা হলো ৮৬ রান। এর মধ্যে ২০ রানই এসেছে ইনিংসের শেষ ওভার থেকে। তার পরও ২৮১ রানের লক্ষ্যটা সহজ হবে না ভারতের জন্য।

ডারবানে এত বেশি রান তাড়া করে জেতার রেকর্ড আর নেই। এর আগে এই ভেন্যুতে সর্বোচ্চ ২৭১ রান তাড়া করে জয়ের রেকর্ডটি বর্তমানে আছে অস্ট্রেলিয়ার দখলে। এ মাঠে ২৫০-এর বেশি রান তাড়া করে জেতার রেকর্ডই আছে মাত্র দুটি। ভারত অবশ্য ম্যাচটা এরই মধ্যে এক রকম হেরে বসে আছে। ৩৪ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৪ উইকেট। ধাওয়ান-কোহলি দুজনই আউট হয়েছেন শূন্য রানে। অজিঙ্কা রাহানে করেছেন ৮। ফাস্ট বোলিংয়ের তোপেও একমাত্র সাবলীল মনে হচ্ছিল যাঁকে, সেই রোহিত শর্মাও ২৬ বলে ১৯ করে ফিরেছেন। 

প্রথম ওয়ানডের মতো আজও ভারতকে পিষ্ট করেছে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি। টসে হেরে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের ভালোই ভুগিয়েছেন দুই ওপেনার আমলা ও ডি কক। ৩৫ ওভার পর্যন্ত উইকেটে থেকে তাঁরা গড়েছিলেন ১৯৪ রানের জুটি। এটাই ঘরের মাঠে প্রোটিয়াদের সর্বোচ্চ উদ্বোধনী জুটির নতুন রেকর্ড। দেশ আর দেশের বাইরে মিলিয়ে এটি প্রোটিয়াদের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি।

রেকর্ড করা এই জুটি গড়ার পথে সেঞ্চুরি করেছেন দুজনই। ডি কক সাজঘরে ফেরার আগে করেছেন ১০৬ রান। এটি তাঁর টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। দুই মাসেই তিনটা সেঞ্চুরি হাঁকিয়ে নিজেকে আন্তর্জাতিক মঞ্চে যেন ভালো করে চেনালেন এই ২০ বছর বয়সী তরুণ। আর আমলা দ্বাদশ সেঞ্চুরি পূর্ণ করেই আউট হয়েছেন ঠিক ১০০ রানে।

৩৬তম ওভারে উদ্বোধনী জুটির পতনের পর হঠাত্ই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। দ্রুত রান সংগ্রহের তাড়ায় শেষ ১৪ ওভারেই হারায় ছয়টি উইকেট। শেষ পর্যায়ে জেপি ডুমিনির ২৬ রানের ক্যামিও ইনিংসটা ভালো সংগ্রহ এনে দিয়েছে। রায়ান ম্যাকলারেনের ৫ বলে ১২ ও ভারনন ফিল্যান্ডারের ৫ বলে ১৪ রানের ইনিংসগুলোও ভূমিকা রেখেছে।

ভারতের পক্ষে সফল বোলার মোহাম্মদ সামি। ৮ ওভার বল করে ৪৮ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন এই ডান হাতি পেসার। একটি করে উইকেট গেছে রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঝুলিতে।
ক্রিকেটের সর্বশেষ স্কোর জানতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে