ধুঁকছে ভারত, উজ্জ্বল ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দলের উপস্থিতি আলো ছড়াচ্ছে না। আরেক দল উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। গত এশিয়ান গেমসে পদক-তালিকায় গায়ে গায়ে থাকা দুটি দল গুয়াংজুতে আর ‘একসঙ্গে’ নেই। ভারত ও ইরানকে দুই রকমভাবে দেখা যাচ্ছে এবারের এশিয়াডে।মাত্রই কমনওয়েলথ গেমসে ভারত দেখিয়েছিল চোখ ধাঁধানো পারফরম্যান্স। ৩১ সোনা জিতে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় হওয়াটা কমনওয়েলথে তাদের সেরা ফল। সেই ভারতকে গুয়াংজু দিচ্ছে অম্লমধুর অভিজ্ঞতা। গতকাল পর্যন্ত মাত্র দুটি সোনাজয়ী ভারত পদক-তালিকায় ১৩ নম্বরে। ৮টি সোনা ঘরে তুলে পদক-তালিকায় ইরান চতুর্থ স্থানে।ভারতের সোনার ইভেন্ট অনেক। শ্যুটিং, আর্চারি, বক্সিং, কুস্তি...। তবে শ্যুটিংটাই বড়। গত এশিয়াডে তিনটি সোনা জেতা শ্যুটিং এবার সোনার দেখাই পায়নি। পেয়েছে দুটি রুপা। শ্যুটিং দলের ব্যর্থতাই মূলত ভারতকে পেছনের সারিতে ঠেলে দিয়েছে। আর্চারিতেও খাবি খাওয়া অবস্থা। সোনা দুটি দিয়েছে বিলিয়ার্ড ও রোইং।ভারতের নক্ষত্রপতন চলছে। ১০ মিটার এয়ার রাইফেলে অলিম্পিক সোনাজয়ী অভিনব বিন্দ্রা ফিরেছেন শূন্য হাতে। একই ইভেন্টের বিশ্ব রেকর্ডধরী গগন নারাংয়ের প্রাপ্তি রুপা। তারকা শ্যুটার তেজস্বিনী সাওয়ান্তও পদকশূন্য। কমনওয়েলথে ৩ সোনা জেতা পিস্তল শ্যুটার ওমকার সিংয়েরও একই অবস্থা। ব্যাডমিন্টনে তিন নম্বর বিশ্ব র্যা ঙ্কিংধারী সাইনা নেহওয়ালের ছুটি কোয়ার্টার ফাইনালেই!তবে সেমিফাইনালে উঠে এখনো সোনার আশা ধরে রেখেছেন টেনিস তারকা সানিয়া মির্জা। বক্সার বিজেন্দর সিং সেমিফাইনালে উঠে গেছেন, কমনওয়েলথে সোনাজয়ী মেয়েতের রিলে দলও প্রত্যাশার কেন্দ্রে। হকি আশা জোগাচ্ছে। তবে গতবারের ১০টি সোনাজয়ী ভারতকে এবার চেনা যাচ্ছে না। আর্চারি তারকা দোলা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত বিভাগের চূড়ান্ত পর্বে যেতে পারেননি। দিন কয়েক আগে সাংহাইয়ে বিশ্ব আর্চারিতে দলীয় র্যা ঙ্কিংয়ে ভারত ছিল এক নম্বর। ভারত ধুঁকছে এই খেলাটিতেও। দোলার ভাই রাহুল ব্যানার্জি এখনো টিকে থাকলেও তাঁর পক্ষেও কিছু করা কঠিন, মানছেন সে দেশের সাংবাদিকেরা।‘ভারতীয় ক্রীড়াঙ্গন বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে’—কয়েক বছর ধরে এই স্বীকৃতি পাচ্ছে ভারত। তবে ভারতীয়দের মাঠের পারফরম্যান্স বেশ পেছনে। কেন? শ্যুটার গগন নারাংয়ের ব্যাখ্যা, ‘কমনওয়েলথ শেষ হওয়ার পর বিশ্রামের সময় পাওয়া যায়নি। তবে হতাশার কিছু নেই। আগামী এশিয়াডে আমরা ভালো করব।’প্রতিদ্বন্দ্বিতায় কমনওয়েলথ গেমসের চেয়ে অনেক ওপরে এশিয়ান গেমস। কমনওয়েলথে বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে লড়তে হয়নি, কিন্তু এশিয়াডে অনেক ইভেন্টেই চীন-জাপান-কোরিয়ার খেলোয়াড়েরা বিশ্বসেরা। তাদের সঙ্গে লড়াইয়ে আর পেরে উঠছে না ভারতের মহাতারকারা।যা দেখে ক্ষুব্ধ ভারতীয় সাংবাদিকেরা। মুম্বাইয়ের মিডডে পত্রিকার প্রতিবেদক অশ্বিন ফেরোর মুখে একটাই শব্দ, ‘ইটস ভেরি ব্যাড...ভেরি ব্যাড।’ ‘এই অ্যাথলেটদের কমনওয়েলথ গেমসের জন্যই তৈরি করা হয়েছে। তাই এশিয়াডে এসে তাদের বাজে অবস্থা’—তাঁর মুভে ক্ষোভ।এই ক্ষোভ ছুঁতে পারছে না ইরানিদের। কারণ মাঠে ইরান বেশ ভালো করছে। এখন পর্যন্ত জেতা ৮ সোনার তিনটি করে উশু ও তায়কোয়ান্দোতে। বাকি দুটির একটি ভারোত্তোলনে, অন্যটি রোইংয়ে।স্থানীয় আল-আহদি পত্রিকার প্রতিবেদক আহমেদ জাবা মোটামুটি নিশ্চিত, এবার অন্তত আরও ৮-১০টি সোনা আসবে। ‘ধরুন, কারাতেও আরও দুটি আনবে। কুস্তিতে ৬টি আমরা ধরে রেখেছি। ভলিবল ফুটবলেও আশা আছে’—তাঁর মুখে উচ্ছ্বাস।গতবার ১০টি সোনাজয়ী ইরান স্পষ্টই উন্নতি করেছে। যদিও ১৯৭৪ তেহরান এশিয়াডে ৩৬টি সোনা জিতে দ্বিতীয় হয়েছিল তারা। সেটিই ছিল ইরানের সেরা এশিয়াড সাফল্য।ইরানে শারীরিক শিক্ষা ইনস্টিটিউট আছে একটি। দেশের ভাইস প্রেসিডেন্ট আলী সাঈদ সেটির প্রধান। রক্ষণশীল সমাজব্যবস্থার মধ্যেই এগিয়ে চলা ইরানের ক্রীড়াঙ্গন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষণা পায় পুরোপুরি।২০০২ বুসানে দশম, ৮ সোনা। গতবার চীন-কোরিয়া, জাপান-কাজাখস্তান-থাইল্যান্ডের পর ইরান ছিল ষষ্ঠ স্থানে, এর পরই ভারত।ইরানের অগ্রগতির রহস্য ভেদ করলেন দলটির তায়কোয়ান্দো দলের কর্মকর্তা আহমেদ জাবরি, ‘ইরানের ৫০টি ফেডারেশন আছে। শুধু নামে নয়, এগুলো ভালোভাবে কাজ করে।’কারাতে, তায়কোয়ান্দো, জুডো থেকে অলিম্পিকেও পদক তোলে ইরান। এশিয়াডে তো তুলবেই। কিন্তু ইরান কীভাবে এতটা এগোল এই খেলাগুলোয়? ‘তায়কোয়ান্দোতে ৫ মিলিয়ন (৫০ লাখ) খেলোয়াড় আছে ইরানে। জুডো-কারাতেকাও এর কাছাকাছি’—বললেন আহমেদ জাবা।সেই খেলোয়াড়েরাই বিশ্বসভায় ইরানকে দিচ্ছে অনন্য মর্যাদা।