ধূমপান বন্ধ হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো সংবিধিবদ্ধ সতর্কীকরণ নয়, এটি রিও অলিম্পিকের আয়োজকদের কাছে অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটির অনুরোধ। অলিম্পিকে অ্যাথলেটদের ‘ভিলেজে’ ধূমপানের ওপর কড়া নিষেধাজ্ঞা দেওয়ার অনুরোধ করেছে তারা। কারণও দেখিয়েছে, তাদের অ্যাথলেটরা যে ভবনে আছেন, গত শুক্রবার সেটির নিচতলায় আবর্জনার মধ্যে কারও ছুড়ে ফেলা সিগারেট থেকে নাকি আগুন ধরে গেছে।

এমনিতেই অলিম্পিক ভিলেজের কক্ষগুলো নিয়ে অনেক দলের অভিযোগ ছিল। তার ওপর ঘটল এ ঘটনা। আগুন ধরায় সিঁড়ির চারপাশ নাকি ধোঁয়ায় ভরে গিয়েছিল এবং কোনো এক অজানা কারণে সে সময় ফায়ার অ্যালার্মও নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। পুরো ব্যাপারটিকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ জানিয়ে অস্ট্রেলীয় প্রতিনিধিদলের প্রধান কিটি চিলার শনিবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘রিও ২০১৬-এর আয়োজক কমিটিকে আমরা অনুরোধ করেছি ধূমপানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। অলিম্পিকে প্রতিটি ভিলেজই ধূমপানমুক্ত রাখা উচিত।’ রয়টার্স।