ধূসর দলে নতমুখ মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো জার্সির আড়ালে মুখ লুকালেন। কখনো নিজের ওপর রাগে-হতাশায় শূন্যে ঘুষি ছুড়লেন। কখনো হাঁটুতে দুহাত দিয়ে মাথা নিচু করে রইলেন। লিওনেল মেসির মতোই এমন হতাশা আর বিবর্ণ ছিল আর্জেন্টিনার ৯০ মিনিট। প্রথম ম্যাচ ড্র করে কোচ সার্জিও বাতিস্তা ভালো খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফলাফল? আরও খারাপ খেলে নিতান্তই ভাগ্যগুণে কলম্বিয়ার হাত থেকে বাঁচল স্বাগতিকেরা। তিনবার প্রায় নিশ্চিত গোল বাঁচিয়েছেন গোলরক্ষক সার্জিও রোমেরো। একবার গোলপোস্ট ফাঁকা পেয়েও হাত মেলানো দূরে দাঁড়িয়ে কলম্বিয়ান ফরোয়ার্ড মরেনো বল মেরেছেন বাইরের জালে।রোম যখন পুড়ছিল, নিরো বাঁশি বাজাচ্ছিল। আর কাল সান্তা ফেতে আর্জেন্টিনা যখন পুড়ছিল ব্যর্থতার আগুনে, ‘একগুঁয়ে’ সার্জিও বাতিস্তা তাঁর ‘জাভি’ এজেকুয়েল লাভেজ্জি আর ‘ইনিয়েস্তা’ এভার বানেগাকে খেলিয়ে যাচ্ছিলেন। কিন্তু লাভেজ্জির পক্ষে জাভি হয়ে ওঠা সম্ভব নয়, বানেগাও হতে পারেন না ইনিয়েস্তা। ভুল ট্যাকটিকস, সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার সবচেয়ে বাজে খেলা, আক্রমণে সিদ্ধান্তহীনতা আবারও ডোবাল আর্জেন্টিনাকে। অথচ এই কলম্বিয়াকেই ২০০৪ কোপায় ৩-০ আর ২০০৭-এ ৪-২ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ম্যারাডোনার দেশ ক্রমেই পিছিয়ে যাচ্ছে।দুই ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাওয়ায় স্বাগতিকদের কোয়ার্টার ফাইনালে যাওয়াটা একটু কঠিন হলো। আশার কথা, কোপায় খেলা ১২ দলের আটটিই যাবে শেষ আটে। বাদ পড়া সবচেয়ে বাজে চারটি দলের একটি হবে আর্জেন্টিনা?একাদশে পরিবর্তন আনবেন না, সে কথা বাতিস্তা আগেই জানিয়ে দিয়েছিলেন। হয়তো প্রথম ম্যাচে তাঁর প্রশ্নবিদ্ধ কৌশলের কার্যকারিতাই প্রমাণ করতে চেয়েছিলেন একই দল খেলিয়ে। প্রথম ম্যাচে তবু বিরতির পরই শুভবুদ্ধি জেগেছিল। উইঙ্গার হিসেবে নামিয়েছিলেন অ্যাঙ্গেল ডি মারিয়াকে, তাই গতি এসেছিল খেলায়। কাল ডি মারিয়াকে নামানোই হলো না।আগের ম্যাচে দল বাঁচানো গোল করার প্রতিদানে ৬৪ মিনিটে মাঠে নামার সুযোগ পেলেন সার্জিও আগুয়েরো। ডুবন্ত মানুষ শেষ আশ্রয় হিসেবে খড়কুটোও ধরতে চায়। ৭১ মিনিটে গঞ্জালো হিগুয়েইনকেও মাঠে নামিয়ে সেটি প্রমাণ করে দিলেন বাতিস্তা। আক্রমণভাগে তখন চারজন ফরোয়ার্ড! সান্তা ফের এই মাঠকে স্থানীয়রা বলে ‘হাতির গোরস্তান’। স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের অভিষেকেই যা হলো, নামটা পাল্টে এর পর থেকে ‘হাতি’র জায়গায় ‘আর্জেন্টিনা’ও বসে যেতে পারে।ভোঁতা আক্রমণ, কুম্ভকর্ণের ঘুম দেওয়া মাঝমাঠ, এই গোদের ওপর বিষফোড়া ছিল আর্জেন্টাইন ডিফেন্ডারদের প্রতিপক্ষের পায়ে বল তুলে দেওয়ার রোগ। ভাগ্য ভালো রোমেরো এদিন যেন জীবনের সেরা ফর্মে ছিলেন। তিনিও স্রোতে গা ভাসালে দুটো গোল আর্জেন্টিনাকে হজম করতেই হয়। মেসি ছিলেন প্রথম দিনের চেয়েও নিষ্প্রভ। গ্যালারিতে বসে তাঁর মা-বাবা দুজনই গলা ফাটিয়ে গেলেন। কিন্তু চাপে পড়া একজন ন্যুব্জ মানুষ মনে হলো টানা তৃতীয়বারের সম্ভাব্য ফিফা বর্ষসেরা মেসিকে। ৮১ মিনিটে পেনাল্টি বক্স লাগোয়া জায়গা থেকে যে ফ্রি-কিকটা নিলেন, তা ১০ মিটার বাইরে দিয়ে উঁচু হয়ে বেরিয়ে যায়। মাথা নিচু করে ফেলেন মেসি। দর্শকদের দুয়োও শুনতে হলো তাঁকে।এদিকে আর্জেন্টিনার ‘নিরো’ হয়ে ওঠা বাতিস্তা তার পরও বলছেন, দলে বড় পরিবর্তন তিনি আনবেন না, ‘কোস্টারিকার বিপক্ষে আমাদের আর একটা খেলা আছে। জিতলে আমাদের পয়েন্ট হবে ৫। আমরা পরের রাউন্ডে যাব। আমাদের মাথা ঠান্ডাই রাখতে হবে।’ দর্শকদের দুয়ো সম্পর্কে বাতিস্তার মন্তব্য, ‘আমরা দুয়ো অবশ্যই পছন্দ করি না। তবে সাধারণ মানুষের প্রতি আমাদের সম্মান দেখাতেই হবে, যারা নিজেদের দলকে জিততে দেখতে চায়।’তেভেজ দাবি করছেন, কলম্বিয়া নেতিবাচক ফুটবল খেলে তাঁদের খেলতেই দেয়নি। কিন্তু শিষ্যদের প্রাপ্য কৃতিত্বটাই দিচ্ছেন কলম্বিয়ার কোচ হার্নান গোমেজ। এএফপি, রয়টার্স।