ধূসর সিটির শিরোপাস্বপ্ন
রবার্তো মানচিনি নিশ্চয়ই অনেক প্রশ্নের উত্তর হাতড়ে বেড়াচ্ছেন। অবনমন অঞ্চলে থাকা সাউদাম্পটনের মতো দলের কাছ হার, তা-ও আবার ৩-১ গোলে! ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর এর চেয়ে বড় পরাজয়ের স্বাদ পেয়েছেন মাত্র দুবার। ২০১০ সালের অক্টোবরে আর্সেনালের কাছে (৩-০) ও ২০১১ সালের এপ্রিলে লিভারপুলের মাঠেও একই ব্যবধানে।নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্যবধান এখন ১২ পয়েন্টের। ইউনাইটেড কাল রায়ান গিগস ও ফন পার্সির গোলে (২-০) হারিয়েছে এভারটনকে। ম্যান সিটির কোচ স্বীকার করে নিয়েছেন শিরোপাস্বপ্ন ধূসর হয়ে গেছে, ‘হয়তো এটা শেষ হয়ে গেছে। আমার মনে হয়, এখন আমাদের শিরোপা জেতার সম্ভাবনা শতকরা ১০ ভাগ। মনে হয় না ইউনাইটেড ১২ পয়েন্ট খোয়াবে।’কিন্তু হঠাৎ করেই আকাশি জার্সিধারীরা এমন দিগ্ভ্রান্ত কেন? মানচিনিও খুঁজছেন এ প্রশ্নের উত্তর, ‘এটা আসলেই অদ্ভুত। কারণ পুরো জানুয়ারিতেই আমরা ভালো খেলছিলাম। আমি জানি না আজ এমনটা কেন হলো। দুটি গোল তো রীতিমতো অবিশ্বাস্যই ছিল।’ দ্বিতীয় গোলটি ছিল গোলরক্ষক জো হার্টের বালখিল্য ভুলের মাশুল। আর গ্যারেথ ব্যারির আত্মঘাতী গোলের পেছনে আসলে কোনো অজুহাতই দাঁড় করানো যায় না। মানচিনির ক্ষিপ্ত হওয়াটাই স্বাভাবিক। সাউদাম্পটন যোগ্য দল হিসেবে জিতেছে, স্বীকার করলেন সেটাও, ‘এটা বাজে একটা পারফরম্যান্স। সাউদাম্পটন আমাদের চেয়ে ভালো খেলেছে। আমি আমার খেলোয়াড়দের নিয়ে হতাশ।’বেশ চাপে পড়ে গিয়েছিলেন চেলসি কোচ রাফায়েল বেনিতেজ। তবে উইগানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে সেই চাপ এখন কিছুটা কমাতে পেরেছেন। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড চেলসির হয়ে করেছেন ১৯৮তম গোল। আর চারটি গোল করলেই ছুঁয়ে ফেলবেন চেলসির জার্সি গায়ে ববি ট্যাম্বলিংয়ের সর্বোচ্চ গোলের (২০২টি) রেকর্ড। এএফপি, ওয়েবসাইট।১০ জন নিয়েও সান্তি কাজোরলার গোলে সান্ডারল্যান্ডকে হারিয়েছে আর্সেনাল। তবে আর্সেন ওয়েঙ্গারের জয়োৎসব পরশু ম্লান হয়ে গেছে জ্যাক উইলশেয়ারের চোটে। ঊরুতে আঘাত পেয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠ ছেড়ে যান ফর্মে থাকা ইংলিশ মিডফিল্ডার।