ধোনি ব্যাট করুক আরেকটু ওপরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতের কয়েকজন খেলোয়াড় নিশ্চয়ই বিষয়টা অনুভব করছেন। বাঁচা-মরার ম্যাচের আগে দর্শক প্রত্যাশার চাপের কথা বলছি। এটা যেকোনো দিকেই কাজ করতে পারে। কেউ কেউ চাপে ভেঙে পড়ে। আবার কারও জন্য এটাই প্রেরণার, একটা দলের চ্যালেঞ্জ উতরানোর সামর্থ্যে সবচেয়ে বড় ব্যাপারও হতে পারে। প্রতিটি দলই এমন চাপের মধ্য দিয়ে যায়। তবে উপমহাদেশে ব্যাপারটা পুরো শ্বাসরুদ্ধকর অবস্থায় চলে যায়। ম্যাচের আগে যার সঙ্গেই দেখা হবে, সে-ই মনে করিয়ে দেবে ‘জিততে হবে, জিততে হবে’। মাঝে মাঝে এটা মনে প্রভাব ফেলে।
আমাদের সমর্থকেরা জয় ছাড়া কোনো কিছুই মানতে রাজি নয়। কিন্তু তাদের বোঝা উচিত, একটা দলই খেলায় জেতে, আর সব সময় সেটি আপনার দল না-ও হতে পারে। আশা করি, মহেন্দ্র সিং ধোনি ও তার দল সবকিছু পেছনে ফেলে ইতিবাচক মানসিকতা নিয়েই অস্ট্রেলিয়ার সঙ্গে এই নকআউট ম্যাচটা খেলতে নামবে।
আমার মনে হয় চাপ আরও বেড়ে যায়, যখন আপনি ঘরের মাঠেও পছন্দমতো পিচে খেলতে না পারেন। অনাকাঙ্ক্ষিত পিচ আসলে দর্শকের চেয়েও বেশি চাপ তৈরি করে। কারণ একবার মাঠে নেমে গেলে দর্শক নয়, পিচই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর এটা তো গোপন কিছু নয় যে, স্পিনারদের সাহায্য করে এমন পিচেই ভারত খেলতে পছন্দ করে। কারণ তাদের শক্তির জায়গাও এই ধীরগতির বোলাররা।
বাংলাদেশের সঙ্গে জয় একটা ব্যাপার প্রতিষ্ঠিত করেছে, ধোনির অধীনে ভারত অনেক লড়াকু একটা দল। নতুন খেলোয়াড়েরাও পরিকল্পনা অনুযায়ী খেলে, এতে বিশ্বাস করে। বাংলাদেশ ম্যাচে ধোনির দল পরিচালনা ভালো লেগেছে। পেশাদারি মনোভাব নিয়েই পরিস্থিতি সামলেছে সে। শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার হাতে বল তুলে দেওয়ার সাহসও দেখিয়েছে। আশিস নেহরা ও রবিচন্দ্রন অশ্বিনের ওভারগুলো আগেই শেষ করে দিয়েছে, অধিনায়ক জানত আসলে ও কী করতে চাইছে। সম্ভবত ভাবনাটা ছিল চাপ তৈরি করা যাতে শেষ ওভারগুলোতে ব্যাটসম্যানের চ্যালেঞ্জ বেড়ে যায়। আমি চাই, ধোনি যেন ব্যাটিং অর্ডারে নিজেকে ওপরে নিয়ে আসে। যেকোনো আক্রমণকেই নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা তার আছে। আমি চাই, সে ক্রিজে আরও বেশি সময় কাটাক।
অস্ট্রেলিয়ার মাটিতে কিছুদিন আগে ভারতের খেলাটা আজ মোহালিতে কোনো প্রভাব ফেলবে না। টুর্নামেন্টে যেকোনো দলকে হারানোর ক্ষমতা অস্ট্রেলিয়ার আছে। আছে খাদের কিনারা থেকে ফিরে আসার প্রবণতাও। আমার মনে হয়, জেমস ফকনারের ওপর চোখ রাখা উচিত। বল হাতে বেশ ভালো করছে, ব্যাট হাতেও কিছু করার অপেক্ষায়। ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে মিলে নিজের অলরাউন্ড ক্ষমতা দিয়ে ম্যাচ বদলে দিতে পারে সে। ওয়ার্নার ও ম্যাক্সওয়েল দুজনই বড় শট খেলতে পারে। পরেরজন তো মোহালির মাঠটাকে বেশ ভালোই চেনে। ১২-১৫ বলের মধ্যেই ম্যাচের চেহারা বদলে দিতে পারে ম্যাক্সওয়েল। আশা করি, রোববার এ দুজন ভারতকে খুব বেশি যন্ত্রণা দেবে না।
(পিচ সলিউশন)।