ধোনিদের বাধা যখন এক ভারতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ড পেসারদের তোপের মুখে ওয়ানডে সিরিজে ৪-০-তে বিধ্বস্ত হতে হয়েছে৷ সেই পেস বোলিং-জুজু তো থাকছেই, টেস্ট সিরিজে মহেন্দ্র সিং ধোনির দলকে পড়তে হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত এক স্পিনারের চ্যালেঞ্জের মুখেও৷ এই স্পিনারের নাম ইশ সোধি৷
ভারতের বিপক্ষে ইশ সোধি নিজেও চ্যালেঞ্জ অনুভব করছেন৷ পুরো নাম ইন্দরবীর সিং সোধি৷ জন্ম ও বেড়ে ওঠা ভারতে৷ পাঞ্জাবের লুধিয়ানার ছেলে সোধি হয়তো খেলতে পারতেন ভারতের জার্সি গায়েও! কিন্তু নিয়তি তাঁকে টেনে নিয়ে গেছে নিউজিল্যান্ডে৷ বাবা-মায়ের সঙ্গে নিউজিল্যান্ডে পাড়ি জমান মাত্র চার বছর বয়সে৷ কিন্তু শরীরে তো তাঁর ভারতীয় রক্তই! নিউজিল্যান্ডের পেসসহায়ক কন্ডিশনেও হয়েছেন একজন স্পিনার৷ বড় হয়েছেন অনিল কুম্বলেকে আদর্শ মেনে৷ কুম্বলের মতো নিজেও হয়েছেন লেগস্পিনার৷ নিয়তি সেই সোধিকে আজ দাঁড় করিয়ে দিচ্ছে জন্মভূমির দলের বিপক্ষে৷
অভিজ্ঞ ড্যানিয়েল ভেট্টোরি এই সিরিজেও নেই৷ সবকিছু ঠিক থাকলে আজ শুরু অকল্যান্ড টেস্টে নিউজিল্যান্ডের একমাত্র স্পিনার হিসেবে থাকছেন সোধিই৷ ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামার আগে সোধি ছিলেন রোমাঞ্চিত৷ যেন দ্বিতীয়বার অভিষেক হচ্ছে তাঁর! এক অর্থে কথাটা তো সত্যি৷ স্বপ্নের টেস্ট অভিষেক হয়েছে গত অক্টোবরে, বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে৷ সেই থেকে এ পর্যন্ত খেলেছেন পাঁচটি টেস্ট৷
কিন্তু তাতে সোধির রোমাঞ্চকর অনুভূতিটা কমছে না মোটেও, ‘প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমি আমার দেশের হয়ে খেলার সুযোগ পাচ্ছি৷ এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার৷ ভারতের হয়ে খেলার সুযোগ পাওয়াটাও হতো দারুণ৷ কারণ আমার জন্ম সেখানেই (লুধিয়ানা)৷ তবে ভারতের বিপক্ষে খেলতে পারাটাও আমার জন্য বিশেষ কিছু৷ কারণ আমি ভারতীয় উত্তরাধিকারও বহন করি৷’
নিউজিল্যান্ডের কন্ডিশন আর বাউন্সি পিচে স্পিনারদের জন্য আসলে করার থাকে না তেমন কিছুই৷ তার চেয়েও বড় কথা, প্রতিপক্ষ ভারত৷ সোধি ভালো করেই জানেন, তাঁর জাতিভাইয়েরা স্পিনে কতটা ভালো৷ সেটা মাথায় রেখেও ২১ বছর বয়সী তরুণ চ্যালেঞ্জটা নিচ্ছেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে যাচ্ছি৷ সাধারণত ভারতীয় ব্যাটসম্যানরা স্পিনের বিপক্ষে খুব ভালো খেলে৷ কাজেই এটা হবে রোমাঞ্চকর ও আবেগঘন৷’
সোধির সঙ্গে ভারতীয়দের অন্য একটা চ্যালেঞ্জও থাকছে৷ ওয়ানডে সিরিজে বিধ্বস্ত হয়ে র৵াঙ্কিংয়ের হারিয়েছে এক নম্বর জায়গা ৷ টেস্ট সিরিজে হারলেও ছেড়ে দিতে হবে দুই নম্বর স্থান৷ জায়গা ধরে রাখতে হলে ধোনির দলকে অন্তত ড্র করতেই হবে সিরিজটা৷ ওয়েবসাইট৷