ধৈর্য ধরার আহ্বান স্ট্রাউসের
বিতর্কটা শুরু করেছিলেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত, ‘আগামী বিশ্বকাপে ১৪টি দল নয়, খেলার সুযোগ পাবে ১০টি দল’—বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন এ মন্তব্য করে।প্রাথমিক সিদ্ধান্তটা আইসিসি নিয়ে রেখেছিল আগেই। তার পরও লরগাতের মন্তব্যটি মেনে নিতে কষ্ট হচ্ছে আইসিসির চার সহযোগী সদস্য দেশের। কপাল পুড়বে যে তাদেরই! দুর্বলদের ছেঁটে ফেলার সিদ্ধান্তের প্রতি সমর্থন দিয়ে বিতর্কটা আবার উসকে দিয়েছেন অসি অধিনায়ক রিকি পন্টিং। তবে এখনই বিতর্কে ঝাঁপিয়ে না পড়ে বিশ্বকাপ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেনি কেনিয়া ও কানাডা। দল দুটির পারফরম্যান্স যারা দেখেছে, তাদের অনেকেই এদেরকে ক্রিকেটের সবচেয়ে মর্যাদাকর আসর থেকে ছেঁটে ফেলার দাবি তুলতে পারে।‘গতকালের ম্যাচ দুটির পরই আসলে সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, আগে বিশ্বকাপটা শেষ হোক। এরপর না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে’—নাগপুরে স্ট্রাউসের প্রতিক্রিয়া। পিটিআই।