ধৈর্যই সম্বল পর্তুগিজদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালের পর আরও একবার ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার মোক্ষম সুযোগ এসেছে পর্তুগালের সামনে। তবে তার আগে তাদের পেরোতে হবে সেমিফাইনালের বাধা। আর শেষ চারের এই লড়াইয়ে পর্তুগালের প্রতিপক্ষ বিশ্বকাপজয়ী ও গতবারের ইউরো কাপজয়ী স্পেন। দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে এবারের টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে নিজেদের সক্ষমতার প্রমাণও দিয়েছেন স্প্যানিশ ফুটবলাররা। এখন এই দুরন্ত ফর্মে থাকা স্পেনের বিপক্ষে জেতার জন্য পাল্টা আক্রমণ থেকে গোল করার কৌশলই গ্রহণ করেছেন পর্তুগিজ কোচ পাওলো বেনতো। আর সে জন্য গোটা ম্যাচেই শিষ্যদের ধৈর্য ধরে খেলার পরামর্শ দিয়েছেন তিনি।এখন পর্যন্ত পুরো প্রতিযোগিতাতেই আধিপত্য বিস্তার করে খেলেছে স্পেন। উয়েফার আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী প্রতি ম্যাচেই গড়ে ৬১ শতাংশ সময় বলের দখল রেখেছিল দেল বস্কের শিষ্যরা। এ সময়ের সেরা এই দলটির বিপক্ষে জয়ের জন্য তাই পাল্টা আক্রমণ থেকে গোল করাকেই অনেক কার্যকরী পন্থা বলে মনে করছেন বেনতো। পর্তুগালের এই কোচ বলেছেন, ‘সব সময় রক্ষণাত্মক খেলাটা আমাদের লক্ষ্য না। বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী দলের বিপক্ষে আপনি সেটা করতেও পারবেন না। ম্যাচটা যে অনেক কঠিন হবে, সেটা সম্পর্কে আমরা সচেতনই আছি কিন্তু আমরাও তাদেরকে অনেক সমস্যায় ফেলে দিতে পারি। অবশ্যই আমরা এমন কিছু মুহূর্ত পাব, যখন আমরা আক্রমণে যেতে পারব। আমরা বলের দখল রাখতে চাই। কিন্তু আমরা খেলছি এ সময়ের সেরা দলটির সঙ্গে। তাই খেলোয়াড়দের ধৈর্য ধরতে হবে। সুযোগ বুঝে কার্যকরীভাবে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে হবে।’আজ রাতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও পর্তুগাল।—ইএসপিএন