খুলনা টেস্টের দ্বিতীয় দিনটা দুই দলই কাটাল ধৈর্যের পরীক্ষা দিয়ে। লাঞ্চের আগেই ২ উইকেট হারিয়ে পরীক্ষা দিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। পরীক্ষা দিল সারা দিনে আর কোনো উইকেট ফেলতে না-পারা বাংলাদেশের বোলাররাও।আমার তো মনে হয় না দিনটা বাংলাদেশের জন্য খারাপ গেছে। ড্যারেন ব্রাভো-মারলন স্যামুয়েলসের জুটি ভাঙা না গেলেও আমাদের বোলাররা রান কম দিয়েছে। ব্যাটসম্যানরা যেমন ধৈর্যের পরীক্ষা দিয়ে দিন পার করতে পেরেছে, তেমনি বোলাররা উইকেট না পেলেও গা ছেড়ে দেয়নি।বাংলাদেশ দলে সাঈদ আজমল বা সে রকম বিশেষ দক্ষতার কোনো বোলার নেই যে তার ওপর নির্ভর করে থাকা যাবে। আমাদের বোলারদের মূল শক্তি ভালো জায়গায় বল করে যাওয়া। খুলনায় সব বোলারই সামর্থ্য অনুযায়ী বল করছে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা এখন পর্যন্ত ভুল কম করলেও এভাবে বল করে গেলে সাফল্য না আসার কোনো কারণ নেই।ভাগ্য সহায় ছিল না বলেই দ্বিতীয় দিন লাঞ্চের পর সাফল্য পায়নি আমাদের বোলাররা। সাকিবের বলে স্যামুয়েলসের এলবিডব্লুটা যেমন হলেও হতে পারত। তবে কৃতিত্ব দিতে হবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদেরও। বিশেষ করে স্যামুয়েলসকে। শুরুতেই ২ উইকেট পড়ার পর বিপর্যয় কাটাতে যে ব্যাটিংটা করা দরকার ছিল, সে ঠিক তাই করেছে। ওকে এর আগে এত ধৈর্য নিয়ে ব্যাট করতে দেখিনি।এই টেস্টে চার ইনিংসই খেলা হলে চতুর্থ ইনিংসে ব্যাট করবে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা কোনোভাবেই সেটা চাইবে বলে মনে হয় না। আমার ধারণা, তৃতীয় দিন পুরোটা ব্যাট করে বড় একটা সংগ্রহ দাঁড় করাতে চাইবে তারা যাতে চতুর্থ ইনিংসে আর ব্যাট করতে না হয়। বা করলেও লক্ষ্যটা কম থাকে। বোলারদের জন্য আমার পরামর্শ থাকবে, উইকেট টু উইকেট বল করে যাওয়া। উইকেট ফেলা গেলে ভালো, তবে চেষ্টা করতে হবে রান যত আটকে রাখা যায়।চলতি টেস্ট সিরিজে এখন পর্যন্ত আমাদের অন্যতম সাফল্য ক্রিস গেইলকে বেশি বাড়তে না দেওয়া। এ নিয়ে টানা তৃতীয় ইনিংসে তাকে ৩০-এর নিচে আউট করেছে বোলাররা। আমি অবশ্য আগেই বলেছিলাম, গেইল আমাদের জন্য হুমকি নয়। ও ভালো ব্যাটসম্যান, কিন্তু টেস্টে ধারাবাহিকভাবে ভালো কখনোই খেলে না। এখানে বোলাররা স্বাধীনভাবে বল করে, ফিল্ডাররাও থাকে স্বাধীন। গেইলের মতো তুলে মারা ব্যাটসম্যানদের জন্য টেস্ট একটু কঠিন।