ধোঁয়ার কবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার সুমাত্রার বনাঞ্চলে আগুনে সৃষ্ট ধোঁয়ার ‘শিকার’ বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপও। বাতিল হয়ে গেছে প্রতিযোগিতাটির সিঙ্গাপুর লেগে গতকাল প্রথম দিনের সব ইভেন্ট। সকালে হিটও হয়েছিল ইভেন্টগুলোর, তবে ধোঁয়ার মাত্রা ‘অস্বাস্থ্যকর’ থেকে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হয়ে পড়ায় বিকেলে ফাইনালগুলো আর হয়নি। প্রতি গ্রীষ্মেই এখন ‘নিয়মিত’ হয়ে যাওয়া সুমাত্রার বনাঞ্চলের আগুনের ধোঁয়া কয়েক সপ্তাহ ধরেই ইন্দোনেশিয়া ও পার্শ্ববর্তী দেশগুলোতে সমস্যার সৃষ্টি করছিল। এবার করল ফিনার চ্যাম্পিয়নশিপেও। অ্যাথলেট, দর্শক ও কর্মকর্তাদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় নিয়ে কালকের ১৫টি ইভেন্টের খেলা বাতিল করে দিয়েছেন আয়োজকেরা। এই খেলাগুলো আর হবেও না। ভাবছেন প্রাইজমানি তাহলে কে পাবেন? সেটিরও সমাধান আছে—হংকং, বেইজিং ও সিঙ্গাপুরে হিটে প্রতিযোগীদের সেরা সময়ের ওপর ভিত্তি করেই বণ্টন হবে অর্থ। তবে খেলা দেখতে না পারলেও দর্শকদের আর্থিক ক্ষতি হয়নি। টিকিটের টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে তাঁদের। এএফপি।