ধোঁয়াশা কাটেনি কেপিকে নিয়ে
তিন দিন হয়ে গেল। এর পরও জানা গেল না কেভিন পিটারসেনের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার আসল কারণ। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি) খোলাসা করছে না। তাই ডালপালা গজাচ্ছে গুঞ্জনের। পরশু ওয়েস্ট ইন্ডিজ সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করতে গিয়ে নির্বাচক জেমস হুইটেকারও অস্বীকৃতি জানালেন কিছু বলতে। শুধু ‘পুনর্গঠন’ ও ‘নতুন করে উদ্দীপনা ফিরিয়ে আনা’ হুইটেকার বললেন এটুকুই।
আসল কারণ যা-ই হোক নানা মুনি নানা মত দিচ্ছেন কেপির হঠাৎ বিদায় নিয়ে। এঁদের একজন ইংল্যান্ডের সাবেক পেসার ডমিনিক কর্ক। সিডনি টেস্ট চলাকালে অধিনায়ক অ্যালিস্টার কুকের সঙ্গে ঝগড়ার পরিণতি হিসেবে বিদায় নিলেন কেপি এমনটাই ভাবছেন সাবেক এই বোলার। কিন্তু এই দাবি মানতে পারছেন না পিটারসেনের স্ত্রী জেসিকা টেলর। পপসংগীতশিল্পী টেলর কর্কের দাবিকে ‘জঞ্জাল’ বলে উড়িয়ে দিয়েছেন টুইটারে, ‘ডমিনিক কর্ক—অ্যালিস্টার কুকের সঙ্গে কোনো ঝগড়া কিংবা অস্ট্রেলিয়ায় মাঠের বাইরেও কিছু ঘটেনি—আপনি মিথ্যা বলছেন, ডাহা মিথ্যা।’
আর সবার মতো টেলরও প্রকৃত ঘটনা জানানোর অনুরোধ করেছেন। ওয়েবসাইট।