ধোঁয়াশাতেই জুলকারনাইন-অধ্যায়
জুলকারনাইন হায়দারের রহস্যময় দুবাই-ত্যাগ ও ইংল্যান্ডে পালিয়ে যাওয়া রহস্যই থেকে যাচ্ছে। রহস্য উদ্ধারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গঠিত ‘সত্যানুসন্ধান কমিটি’ প্রায় দেড় মাসের অনুসন্ধানেও বের করতে পারেনি কোনো সত্য। পিসিবির কাছে জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে জুলকারনাইনের রহস্যময় আচরণ নিয়ে পরিষ্কার কিছুই জানাতে পারেনি কমিটি। প্রতিবেদনে আছে স্রেফ কিছু ইঙ্গিত, সুপারিশ আর পরামর্শ।পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুবহান আহমেদ, ম্যানেজার ইন্তিখাব আলম ও নিরাপত্তা কর্মকর্তা খাজা নাজামকে নিয়ে গঠিত কমিটি প্রতিবেদনের শেষটা করেছে এভাবে, ‘বোর্ডের উচিত জুলকারনাইনের কাছে পুরো ঘটনার একটা বিস্তারিত লিখিত চাওয়া। লিখিত পাওয়া গেলে সেটির ভিত্তিতেই ব্যবস্থা নেওয়ার কথা ভাবা যেতে পারে। এই মুহূর্তে তাঁর রহস্যময় দেশ ত্যাগ সম্পর্কে পরিষ্কার করে কিছু বলা মুশকিল।’ গত ৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চম ওয়ানডের দিন ভোরে দুবাই থেকে পালিয়ে যান জুলকারনাইন। দিনভর নাটক আর গুঞ্জনের পর জানা যায়, ইংল্যান্ডে গেছেন তিনি। পিসিবি তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে, তিনিও বিদায় বলে দেন আন্তর্জাতিক ক্রিকেটকে। এরপর রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন ইংল্যান্ডে। এখনো তিনি ইংল্যান্ডেই আছেন। আশ্রয় পাওয়া নিয়ে ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে তাঁর সাক্ষাতের পরবর্তী তারিখ ৫ জানুয়ারি।তবে প্রতিবেদনে বেশ কিছু ঘটনা আর কয়েকজনের বক্তব্য আছে, যাতে মনে হতে পারে পুরো ব্যাপারটাই জুলকারনাইনের সাজানো নাটক। তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের কাছ থেকে কমিটি জানতে পেরেছে, পাকিস্তানের গত ইংল্যান্ড সফরের সময়ই নাকি ইংল্যান্ডে স্থায়ী হওয়ার প্রক্রিয়াগুলো নিয়ে খোঁজখবর নিয়েছেন জুলকারনাইন। পালানোর আগের রাতে মধ্যরাত পর্যন্ত জুলকারনাইনের হোটেল রুমে ছিলেন ওয়াহাব রিয়াজ। কমিটিকে রিয়াজ বলেছেন, জুলকারনাইনকে দেখে মোটেও চিন্তিত বা শঙ্কিত মনে হয়নি। দলে জুলকারনাইনের সবচেয়ে কাছের বন্ধুও ছিলেন ওয়াহাব। কিন্তু বাজিকরদের হুমকি বা এ ধরনের কোনো কিছু নিয়ে এই পেসারের সঙ্গে কোনো আলাপও করেননি জুলকারনাইন। সিম কার্ড কেনার জন্য টিম ম্যানেজমেন্টের কাছ থেকে পাসপোর্ট নিয়েছিলেন বলে জুলকারনাইনের দাবির সত্যতা নিশ্চিত করেছে কমিটি। প্রতিবেদনে আছে, হোটেল ছাড়ার সময় জুলকারনাইনকে সর্বশেষ দেখেছিলেন ইউনুস খান ও সহকারী ম্যানেজার শহীদ আসলাম। ব্যাগ-ট্যাগ দেখে দুজনেরই সন্দেহ হয়েছিল, তবে জুলকারনাইন বলেন তিনি শহরেই এক আত্মীয়ের বাসায় যাচ্ছেন। প্রতিবেদনে কমিটি কিছু প্রশ্নও তুলেছে। দলে সার্বক্ষণিক একজন নিরাপত্তা কর্মকর্তা এবং পিসিবির অনেক কর্মকর্তা থাকা সত্ত্বেও জুলকারনাইন তাঁদের কিছু না জানিয়ে কেন পালিয়ে গেলেন? ইংল্যান্ডে পালিয়ে যাওয়াটাও অদ্ভুত মনে হয়েছে কমিটির কাছে, কারণ দুবাই তো ইংল্যান্ডের মতোই নিরাপদ! তা ছাড়া সে দেশেও ফিরতে পারত!সত্যানুসন্ধান কমিটি যেমন ব্যর্থ হয়েছে, জুলকারনাইন-অধ্যায় হয়তো চিরদিনই অন্ধকারে থেকে যাবে! ওয়েবসাইট।