ধোঁয়াশায় রোনালদিনহোর অলিম্পিক-স্বপ্ন
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবলের দেশ হিসেবেই পরিচিত। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা শক্তি তারা। কিন্তু প্রসঙ্গটা যদি হয় অলিম্পিকের সোনা, পেলে-জিকো-রোমারিও-রোনালদোদের দেশ এখনো সাফল্যের সন্ধানে ঘুরে বেড়ানো নাবিক মাত্র, সাফল্যের তিরে এখনো নৌকা তাদের ভেড়েনি। এবারের লন্ডন অলিম্পিককে মানো মেনেজেস তাই নিয়েছেন হতাশা ঘোচানোর মিশন হিসেবে।ব্রাজিল কোচ আগেই জানিয়েছেন, ‘পদক’ জয়ের লক্ষ্য নিয়েই লন্ডন যাবেন তাঁরা। মেনেজেস দলকে গড়ে তুলছেন সে লক্ষ্যেই। আর শুধু হতাশা মুছে দেওয়াই লক্ষ্য নয়, মেনেজেসের দলের জন্য আরও অনেক প্রশ্নের উত্তরই জড়িয়ে আছে এবারের লন্ডন অলিম্পিকে। নিজেদের মাটির ২০১৪ বিশ্বকাপের জন্য ব্রাজিল কতটা প্রস্তুত, তার আগাম ধারণা দেবে লন্ডন অলিম্পিককে। এমনকি লন্ডন অলিম্পিকই নির্ধারণ করে দিতে পারে, বিশ্বকাপের জন্য কোচের দায়িত্ব মেনেজেসের কাঁধেই থাকবে কি না।চাপের মধ্যে আছেন ব্রাজিলের কোচ। ব্রাজিলের ৪৯ বছর বয়সী কোচ এই চাপ কাটানোর আশায় দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। আর সেই পরীক্ষা-নিরীক্ষায় এবারও কাটা পড়লেন চার সিনিয়র খেলোয়াড় রোনালদিনহো, কাকা, রবিনহো ও রামিরেস। অলিম্পিকের আগে চারটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২৬ মে ডেনমার্কের বিপক্ষে, ৩০ মে যুক্তরাষ্ট্র, ৩ জুন মেক্সিকো এবং ৯ জুন আর্জেন্টিনার বিপক্ষে। মেনেজেসের ২৩ সদস্যের দলে তরুণদের আধিক্য। নেইমার, গানসো, পাতো, লুকাসদের সঙ্গে দলে ডাক পেয়েছেন গত বছর ব্রাজিলের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপজয়ী দলের একাধিক সদস্য। কাকা, রবিনহো, রামিরেসদের মধ্যে দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদিনহোর বাদ পড়াটাই বিতর্কের ঝড় তুলেছে বেশি। মেনেজেস বারবারই নিশ্চিত করেছেন, তাঁর ২০১৪ বিশ্বকাপ পরিকল্পনায় রোনালদিনহো আছেন ভালোমতোই। এমনকি ৩২ বছর বয়সী মিডফিল্ডার অলিম্পিক দলেও থাকবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু অলিম্পিকের আগে আগে দল থেকে বাদ পড়ায় রোনালদিনহোর অলিম্পিক খেলার স্বপ্নটাই বুঝি উবে গেল। সাবেক বার্সেলোনা ও এসি মিলান তারকার বাদ পড়ার পেছনে দুটি কারণকে মেলানো হচ্ছে। এক. ক্লাব ফ্লামেঙ্গোর হয়ে রোনালদিনহোর সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়। দুই. ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের নতুন সভাপতি হোসে মারিয়া মারিনের সঙ্গে নাকি রোনালদিনহোর সম্পর্ক শীতল। ওয়েবসাইট।