ধোনি আসলেই ধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে বিশ্বজুড়ে মাতামাতি। তবে বিশ্ব তারকা হিসেবে মহেন্দ্র সিং ধোনিও তাঁদের চেয়ে কম যান না! অন্তত আয়ের দিক দিয়ে। প্রতিবছরের মতো এবারও বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলেটদের তালিকা করেছে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস। তাতে আগের বছরের চেয়ে ১৫ ধাপ এগিয়ে ভারত অধিনায়ক জায়গা করে নিয়েছেন ১৬ নম্বরে। তাঁর মোট আয় প্রায় ৩ কোটি ১৫ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ২৪৫ কোটি ৩২ লাখ টাকা।এদিকে আবার রাজত্ব ফিরে পেয়েছেন টাইগার উডস। ২০০১ থেকে ২০১১—টানা ১১ বছর ১ নম্বরে ছিলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি গলফার। কিন্তু গত বছর উডসকে তিনে ঠেলে ১ নম্বরে উঠে আসেন যুক্তরাষ্ট্রেরই বক্সার ফ্লয়েড মেওয়েদার। কিন্তু এবার গলফে যেমন শীর্ষস্থান অধিকার করেছেন, তেমনি এখানেও সর্বোচ্চ স্থানটি দখল করে নিয়েছেন উডস। তাঁর মোট আয়ের পরিমাণ সাত কোটি ৭১ লাখ ডলার বা প্রায় ৬০৮ কোটি ২৪ লাখ টাকা। এর মাত্র ১০২ কোটি টাকা গলফ থেকে, বাকি ৫০৮ কোটি ২২ লাখই বিজ্ঞাপনী চুক্তির সুবাদে।তালিকার ২ নম্বরে সুইস টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। তিনে ও চারে যুক্তরাষ্ট্রের দুই বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্ট ও লেব্রন জেমস। বক্সার মেওয়েদার ১ নম্বর থেকে এবার ছিটকে গেছেন ১৪ নম্বরে (২৬৪ কোটি ৭৯ লাখ টাকা)। বেতন, বোনাস, প্রাইজমানি, অংশগ্রহণ ফি এবং বিজ্ঞাপনী চুক্তি থেকে পাওয়া অর্থের ভিত্তিতে করা হয়েছে এই তালিকা। শীর্ষ ১০০তে জায়গা করে নিয়েছেন ১১টি ইভেন্টের বিশ্বের ২৩টি দেশের অ্যাথলেটরা। মেসি-রোনালদো হয়তো বর্তমান সেরা, কিন্তু আয়ের খাতায় ফুটবলারদের মধ্যে এখনো সবার ওপরে ডেভিড বেকহাম। কদিন আগেই অবসর নেওয়া ইংল্যান্ডের সাবেক অধিনায়ক আছেন ৮ নম্বরে। ক্রিস্টিয়ানো রোনালদো নয়ে, মেসি দশে। ক্রিকেটারদের মধ্যে ধোনি বাদে শীর্ষ শতকে জায়গা পেয়েছেন আর একজনই, শচীন টেন্ডুলকার আছেন ৫১ নম্বরে (১৭১ কোটি ৩৩ লাখ টাকা)।মেয়েদের মধ্যে সবার ওপরে মারিয়া শারাপোভা। রুশ টেনিস তারকা আছেন ২২ নম্বরে (২২৫ কোটি ৮৫ লাখ টাকা)। সদ্য বার্সেলোনায় যোগ দেওয়া ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সঙ্গে যৌথভাবে ৬৮ নম্বরে আছেন সেরেনা উইলিয়ামস (১৫৯ কোটি ৬৫ লাখ টাকা)। এ ছাড়া প্রথম এশীয় হিসেবে ২০১১ সালে ফ্রেঞ্চ ওপেনজয়ী চীনের লি না আছেন ৮৫ নম্বরে (১৪১ কোটি ৭৪ লাখ)। ওয়েবসাইট