ধোনি-গম্ভীর বিরোধ!
মহেন্দ্র সিং ধোনির সঙ্গেই নাকি চরম বিরোধ চলছে গৌতম গম্ভীরের। গম্ভীরের আচরণ এবং মাঠের নৈতিকতা মানার ব্যাপারে অনীহায় ধোনি চরম বিরক্ত। অতিমাত্রায় আত্মকেন্দ্রিক গম্ভীরের কাছে দলের চেয়ে নিজের স্বার্থই বড়—এই অভিযোগ বিসিসিআইয়ের কাছে জানিয়েছেনও ধোনি। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় দলের এক খেলোয়াড়কে উদ্ধৃত করে এমন খবর দিয়েছে ক্রিকেটনেক্সট ওয়েবসাইট। ২০০৮ সালের অক্টোবর থেকে ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত ১০ টেস্টে আট সেঞ্চুরি করা গম্ভীরের এখন চলছে রানখরা। ২০১০ সালের জানুয়ারিতে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি পর আর সেঞ্চুরি পাননি। চলতি সিরিজে দুটো ফিফটিসহ ৪২ দশমিক ৮০ গড়ে ২১৪ রান করেছেন। কিন্তু সেটি যথেষ্ট মনে করছেন না ধোনি। বরং তাঁর দাবি, গম্ভীর এখন দলে নিজের জায়গা বাঁচানোর জন্য খেলছেন। এর প্রমাণ মুম্বাই টেস্টের দ্বিতীয় ইনিংসে তাঁর ৬৫ রানের ইনিংসটি। কলকাতা টেস্টের প্রথম ইনিংসে বীরেন্দর শেবাগের রানআউট, দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পূজারার রানআউটেও গম্ভীরের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ ধোনি, ‘দুটো ক্ষেত্রেই ভুলটা ছিল গম্ভীরেরই। শেবাগের বেলায় অনায়াসে তিন রান হতে পারত। অথচ গম্ভীর নিল না। আর পুজারার বেলায় রানের কলটাই ছিল ভুল। আসলে স্টিভেন ফিনের বল খেলতে পারছিল না বলে কোনো মতে নন স্ট্রাইকিংয়ে যেতে চাইছিল। তার এই মরিয়া ভাবের মাশুল পুজারার উইকেট।’ অনেকের অনুমান, ধোনিকে সরিয়ে গম্ভীরকে অধিনায়ক করা হতে পারে এমন একটি সম্ভাবনা সমানে চলে আসাতেই ধোনি খেপেছেন গম্ভীরের ওপর। তবে সিরিজ হারের লজ্জা এড়াতে যে টেস্টে (নাগপুর) নামতে হবে জয়ের জন্য মরিয়া হয়ে, তার আগে দলে এই অন্তকলহের খবর ভারতের জন্য মঙ্গলজনক নয় মোটেও।এ ব্যাপারে এখনো কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে কাল সংবাদ সম্মেলনে ধোনি দাবি করেছেন, দলীয় চেতনা শতভাগ অক্ষুণ্ন আছে। ওয়েবসাইট।