ধোনি জেতালেন চেন্নাইকে
আরও একটা দারুণ জয়ের পথেই বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু আইপিএলের নবাগত এই দলটিকে জয় বঞ্চিত করেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চাপের মুখে ৬৭ রানের ঝোড়ো এক ইনিংস খেলে দলকে পাঁচ উইকেটের চমত্কার এক জয় এনে দিয়েছেন এসময়ের অন্যতম সেরা এই অধিনায়ক। ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় চেন্নাই। জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা খুব ভালোভাবেই করেছিলেন চেন্নাইয়ের দুই ওপেনার মাইক হাসি ও মুরলি বিজয়। উদ্বোধনী জুটিতেই তাঁরা যোগ করেছিলেন ৬৫ রান। চেন্নাই শিবিরে প্রথম বড় আঘাতটা দেন অমিত মিশ্র। টানা দুই ওভারে বিজয় ও হাসির উইকেট তুলে নেন এই ডানহাতি লেগস্পিনার। ২৬ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন হাসি। মুরলি বিজয়ের ব্যাট থেকে আসে ১৮ রান। নিজের শেষ ওভারে সুরেশ রায়নাকেও সাজঘরমুখী করেন মিশ্র। ১৪ ওভার শেষে তিন উইকেট হারিয়ে চেন্নাইয়ের সংগ্রহ দাঁড়ায় ১০৩ রান। খানিকটা চাপের মুখে শক্ত হাতে দলের হাল ধরেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৩৭ বলে ৬৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জয় এনে দেন এই ডানহাতি ব্যাটসম্যান।