ধোনি-টেন্ডুলকারকে ছাপিয়ে...

একসময় মাঠের মতো বিজ্ঞাপন-বাণিজ্যেও শচীন টেন্ডুলকারের ছিল একচ্ছত্র আধিপত্য। বেশ কিছুদিনই তাঁকে হটিয়ে এ ক্ষেত্রে এক নম্বর মহেন্দ্র সিং ধোনি। বিভিন্ন পণ্যের দূতিয়ালির সুবাদে ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আয় এখন ভারতের অধিনায়কেরই। তবে শিগগিরই রাজত্ব হারাতে যাচ্ছেন ধোনি। টেন্ডুলকার-ধোনিকে টপকে বিজ্ঞাপনরাজ্যের নতুন ‘ডন’ বনে যাচ্ছেন বিরাট কোহলি! ভারতীয় গণমাধ্যমের দাবি অন্তত সে রকমই। সম্প্রতি বড় দুটি চুক্তিই কোহলিকে শীর্ষে তুলে দিচ্ছে।
মাঠের ২২ গজে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তারুণ্য, আকর্ষণীয় চেহারা এবং দেহভঙ্গির কারণে মাঠের বাইরেও কোহলি ‘সুপারহিট’। বিভিন্ন কোম্পানিও তাই টাকার বস্তা নিয়ে ছুটছে তাঁর পেছনে। ভারতের শীর্ষস্থানীয় এক পত্রিকার খবর, জার্মানির বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন কোহলি। এ থেকে কোহলির বছরে আয় হবে ১০ কোটি রুপি! বিজ্ঞাপনজগতে ভারতীয় কোনো ক্রীড়াতারকার এটাই সবচেয়ে বড় চুক্তি। সম্প্রতি ভারতের একটি টায়ার কোম্পানির সঙ্গেও নাকি চুক্তি করেছেন কোহলি, যা থেকে বছরে পাবেন সাড়ে ছয় কোটি রুপি। টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ আগে থেকেই চেন্নাইভিত্তিক এই এমআরএফ কোম্পানির শুভেচ্ছাদূত।
গত বছর বিজ্ঞাপনী চুক্তি থেকে কোহলির আয় ছিল ৪০ কোটি রুপি। সেসব তো আছেই, এর সঙ্গে নতুন চুক্তি দুটি মিলিয়ে বর্তমানে ১৩টি কোম্পানির শুভেচ্ছাদূত কোহলি। অন্য দেশের ক্রিকেটাররা হিংসা করতেই পারেন! ওয়েবসাইট।