ধোনি নিয়মটাই জানেন না!
মাঠ থেকে প্রায় বেরিয়েই গিয়েছিলেন। সেই সময় মাঠের আম্পায়ার জানালেন, ‘নটআউট’! ফিরে এলেন ইয়ান বেল। অপ্রত্যাশিতভাবে ফিরে পাওয়া ‘জীবন’ কাজে লাগিয়ে দলকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন। শেষ পর্যন্ত জয় না পেলেও হয়ে গেছে ‘টাই’। বেল নিজে বলেছেন, সেদিন রেফারেলে বেঁচে যাওয়ায় তিনি নিজেও অবাক হয়েছেন। আর মহেন্দ্র সিং ধোনি রেফারেল পদ্ধতির করেছিলেন তীব্র সমালোচনা।এমনিতে রেফারেল নিতে ভারত বরাবরই অনীহ। যদিও আইসিসি বলছেন, ধোনির এ ধরনের মন্তব্য করার আগে ভালো করে আইনকানুন পড়ে দেখা উচিত। আইসিসির মহাব্যবস্থাপক ডেভ রিচার্ডসন বলেছেন, ‘হক আই দিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন আছে। অধিকাংশ খেলোয়াড় এই নিয়মগুলো জানে না। ধোনি যদি এই নিয়মগুলো সম্পর্কে জেনে নেন, আমি নিশ্চিত, তিনি ওই সিদ্ধান্তটি (বেলের) মেনে নেবেন।’কী সেই নিয়ম? এলবিডব্লুর ক্ষেত্রে ব্যাটসম্যানের পা যদি আড়াই মিটার সামনে থাকে, সে ক্ষেত্রে মাঠের আম্পায়ার চাইলে তাকে এলবিডব্লু না-ও দিতে পারেন। ‘হক আই’ দিয়ে এই দূরত্বে বলের সঠিক গতিপথ নির্ণয় এখনো যথাযথ নির্ভুল নয়। এ কারণে আড়াই মিটার দূরত্বের বেলায় ভরসা রাখা হয় মাঠের আম্পায়ার আর তাঁর অভিজ্ঞতার ওপর।যুবরাজ সিংয়ের করা বলটি বেলের প্যাডে লেগেছিল ঠিকই, কিন্তু তাঁর পায়ের অবস্থান ছিল অনেক সামনে। পরে হক আই দেখায়, বল গিয়ে লাগত স্টাম্পে। বেলও ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন। কিন্তু বিলি বাউডেন তাঁকে ফিরিয়ে আনেন। এর পরই ক্ষুব্ধ ধোনি মন্তব্য করেন, হয় মানুষ নয় তো প্রযুক্তি—এর দুটোর একটির ওপর আস্থা রাখা উচিত। দুইয়ে মিলে জগাখিচুড়ি যেন না হয়।ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) অধিনায়কের পক্ষে। কাল রেফারেল পদ্ধতির বিরুদ্ধে নিজেদের আপত্তির কথা লিখিতভাবে জানিয়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ডটি। ওয়েবসাইট।