ধোনি নেই এশিয়া কাপে

সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে ভারতের লাগাতার ব্যর্থতার পর মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দিতে উচ্চকণ্ঠ হয়েছে ভারতের সংবাদমাধ্যম ও দেশটির সাবেক তারকারা। আসন্ন এশিয়া কাপে সত্যিই অধিনায়কত্ব করছেন না ধোনি! তবে তাঁকে ‘সরিয়ে’ দেওয়ার পেছনে হাত নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের, আছে নিয়তির! ইনজুরির কারণেই বাংলাদেশে অনুষ্ঠেয় এশিয়া কাপে খেলতে পারছেন না ভারতীয় অধিনায়ক। এ সময় ভারতকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।
সদ্যসমাপ্ত নিউজিল্যান্ড সফরের শেষ দিকে ইনজুরিতে পড়েন ধোনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ওয়েলিংটন টেস্ট চলার সময় ধোনির শরীরের বাম পাশের পেশিতে টান পড়েছে। দশ দিনের পুনর্বাসনে যেতে হবে তাঁকে।’
ধোনির ইনজুরি কোহলির জন্য বিরাট এক সুযোগও। ভারতের যুব বিশ্বকাপজয়ী অধিনায়ককে অনেক দিন ধরেই ধোনির উত্তরসুরী ভাবা হচ্ছিল। সিনিয়র দলের অধিনায়ক হিসেবে তিনি যে প্রস্তুত, সেটাই কোহলি দেখিয়ে দিতে পারেন এশিয়া কাপে। সূত্র: এএফপি।