ধোনি বলছেন ‘এটা আশীর্বাদ!’
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবার তাদের ছিল শিরোপা ধরে রাখার মিশন। কিন্তু মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস সেমিফাইনালেই উঠতে পারল না। চার ম্যাচের তিনটিতেই হেরে চেন্নাই বিদায় নিল চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই। অধিনায়ক ধোনি এটাকে শাপে বর মনে করছেন। বলেছেন, গ্রুপ পর্বেই বাদ পড়াটা তাদের জন্য ‘আশীর্বাদ’ হয়ে এসেছে!আশীর্বাদ! বাদ পড়ার হতাশা লুকিয়ে ধোনির এমন উপলব্ধি খুঁজে ফেরার কারণ, সামনেই ইংল্যান্ড সিরিজ। পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ইতিমধ্যেই অ্যালিস্টার কুকের নেতৃত্ব ইংল্যান্ড পা রেখেছে ভারতে।ধোনি বলছেন, ‘এটা শুধুই আশীর্বাদ বয়ে এনেছে। কয়েক দিন বিশ্রাম নেওয়া যাবে, যা আমরা খুব একটা পাই না। তাই অল্প এই বিশ্রামটাও আমাদের খুব সাহায্য করবে।’ ধোনির ভাবনার সঙ্গে চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিংয়ের ভাবনাও মিলে যাচ্ছে। চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতার জন্য ফ্লেমিংও দুষছেন খেলোয়াড়দের ক্লান্তিকে।প্রথম তিন ম্যাচের দুটিতে হারের পরও চেন্নাইয়ের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ছিল। মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠতে হলে পরশু শেষ ম্যাচে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে তাদের জিততে হতো বড় ব্যবধানে। উল্টো নিউ সাউথ ওয়েলসই ৪৬ রানের বড় জয় পেয়ে উঠে গেছে সেমিতে।ধোনি, সুরেশ রায়না, অশ্বিন—চেন্নাইয়ের তিনজন আছেন ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে দলে। কিছুদিন আগেই ইংল্যান্ড সফরে গিয়ে নিজেদের সম্ভ্রম বিসর্জন দিয়ে এসেছে ভারত। টেস্ট, টি-টোয়েন্টি, ওয়ানডে—তিন ঘরানার ক্রিকেটেই হয়েছে ধবলধোলাই। যারা মাঠে কাঁদিয়ে ছেড়েছে, সেই কুকরাই এখন ভারতে। ধোনিদের জন্য এবার পাল্টা আঘাত হানার পালা! কিন্তু সেজন্য তো মানসিক এবং শারীরিকভাবে চাঙা হওয়া চাই।বছরের শুরু থেকেই ভারতীয় ক্রিকেটারদের কাটছে ব্যস্ত সময়। দক্ষিণ আফ্রিকা সফরের পর ঘরের মাঠে বিশ্বকাপ, তারপরই দীর্ঘ যাত্রার আইপিএল, অধিনায়ক ধোনি ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটি নিলেও পরে দীর্ঘ সময়ের ইংল্যান্ড সফর। যে সফরে চোট একের পর এক খেলোয়াড়কে জাপ্টে ধরে ভারত শিবিরকে বানিয়েছিল ‘চোট পুনর্বাসনকেন্দ্র’। সেখান থেকে ফিরেই চ্যাম্পিয়নস লিগ। বিকল্প পথের এই বিশ্রামটা তাই ধোনি, রায়না, অশ্বিনের জন্য পরম পাওয়া! ওয়েবসাইট।