ধোনি মুখ খুললেন, বললেন না
কখনো নিশ্চুপ, কখনো শুধুই হাসি। কখনো আবার মিডিয়া ম্যানেজারের আড়াল হয়ে দাঁড়ানো। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে ভারত ছাড়ার আগে সংবাদ সম্মেলনে স্পট ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে টুঁ শব্দটি করেননি মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ডে পৌঁছে অবশ্য মুখ খুললেন, তবে এটাই বলার জন্য যে মুখ খুলবেন না! জানালেন, এসব নিয়ে কথা বলবেন সময় হলে!
‘ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিইনি, আপনাদেরও জবাব দেওয়ার কোনো কারণ নেই। সঠিক সময় এলেই আমি এসব নিয়ে কথা বলব’—বার্মিংহামের সংবাদ সম্মেলনে ফিক্সিং নিয়ে প্রথম প্রশ্নের জবাবে বললেন ভারতের ক্রিকেট অধিনায়ক। মুখে সেই চিরপরিচিত হাসি। ধোনির দাবি এখন কথা বলতে চান না ‘দলকে আপাতত সবকিছু থেকে দূরে রাখতেই’।
তবে ইংলিশ সাংবাদিকেরাও তো আর কম যান না। ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তির প্রসঙ্গ টেনে ঠিকই কিছুটা মুখ খুলতে বাধ্য করলেন তাঁরা ধোনিকে। ভারত অধিনায়কের দাবি, ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তিতে প্রভাব ফেলেনি এই কেলেঙ্কারি, ‘এমন নয় যে, ভাবমূর্তি শেষ হয়ে গেছে। এটার ব্যাখ্যা দিতে গেলে আবার আপনার প্রশ্নের জবাব দিয়ে ফেলব। সঠিক সময় এলে এই প্রশ্নেরও জবাব দেব।’ ওয়েবসাইট।
আগামীকাল বার্মিংহামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ৪ জুন কার্ডিফে প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ৬ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।