ধোনি মুখে বলছেন উল্টো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস দুয়েক আগে পুরো ইংল্যান্ড সফরেই হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। ওয়ানডে সিরিজ হেরেছিল ৩-০ ব্যবধানে। ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয় কি তার প্রতিশোধ নয়? মহেন্দ্র সিং ধোনি তা মনে করছেন না। ভারত অধিনায়ক বলেছেন, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়টা প্রতিশোধ নয়। আসলেই কী তাই? ভারত অধিনায়ক হয়তো মনে মনে চাইছেন ৫-০।পরশু ইংলিশরা ভারতকে ছুড়ে দিয়েছিল ২৯৮ রানের কঠিন চ্যালেঞ্জ। ধোনির দল ৪ বল হাতে রেখেই সেই চ্যালেঞ্জে জিতে গেছে ৫ উইকেটে। জয়ের ভিত গড়ার অন্যতম কারিগর অজিঙ্কা রাহানে, ক্যারিয়ার সর্বোচ্চ ৯১ রান করে আউট হয়েছেন। গম্ভীর-কোহলিদের পর জয়ের বাকি কাজটা দুর্দান্তভাবে সেরেছেন অধিনায়ক ধোনি ও রবীন্দ্র জাদেজা।শেষ দিকে ভারতের জয়ের সমীকরণটা কঠিন হয়ে গিয়েছিল। ধোনি-জাদেজা জুটি বাঁধার সময় ভারতের প্রয়োজন ছিল ৫০ বলে ৬৪ রান। শেষ তিন ওভারে দরকার ছিল ৩০ রান। ধোনি বলেছেন, শুধু শেষ পর্যন্ত উইকেটে থাকতে চেয়েছেন তিনি। কারণ, তিনি জানতেন, শেষ পর্যন্ত থাকতে পারলে জয় আসবেই, ‘আমরা জানতাম, যদি জাদেজা আর আমি শেষ পর্যন্ত থাকতে পারি, এমনকি শেষ দুই ওভারে ২০-২৫ রান হলেও পারব। টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট আমাদের শিখিয়েছে এটা সম্ভব।’খেলাটির চেতনার দিকে তাকিয়ে যেমন প্রতিশোধ মানতে রাজি নন, তেমনি চেতনাবিরোধী আচরণও তাঁর কাম্য নয়। দ্বিতীয় ম্যাচের পর পরশু তৃতীয় ম্যাচেও দুই দলের ক্রিকেটাররা বাক্যবাণে জড়িয়েছেন। ধোনি দোষ দিয়েছেন সফরকারীদের, ‘মাঠে অনেক কথাবার্তা, অঙ্গভঙ্গির ব্যবহার হয়েছে, যেটা এসেছে ইংল্যান্ডের পক্ষ থেকে। কিন্তু আমার মনে হয় না, এটা তাদের কাজে লেগেছে। একটু-আধটু কথাবার্তা ভালো, এটি খেলার আকর্ষণই বাড়ায়। আর আপনি সব সময়ই সিরিজে সম্প্রীতি কামনা করতে পারেন না। কিন্তু আমি মনে করি, আগামী দুই ম্যাচে তাদের পরিকল্পনা বদলানো উচিত।’এদিকে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে এখন হোয়াইটওয়াশ এড়ানোর চেষ্টা করতে হবে ইংল্যান্ডকে। অধিনায়ক অ্যালিস্টার কুক আশাবাদী, সামনের দুই ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়াবে তাঁর দল। ওয়েবসাইট।