ধোনি-শেবাগে দ্বন্দ্ব নেই!
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বীরেন্দর শেবাগের মধ্যে শীতল যুদ্ধ চলছে বলে কয়েক দিন ধরেই সংবাদমাধ্যম সরগরম। কিন্তু সিডনিতে কাল সংবাদ সম্মেলনে ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার দাবি করলেন, এ রকম কিছুই ঘটেনি। সঙ্গে একটা আবেদনও করেছেন সংবাদমাধ্যমের প্রতি—তারা যেন শুধু দলের ইতিবাচক দিকগুলোর ওপরই নজর দেয়! ওয়ালিয়ার এই অস্বীকৃতির আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছিল, দলের মধ্যে কোনো বিভক্তি নেই। বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন দলে ‘তথাকথিত বিভক্তি’র জন্য দুষেছেন মিডিয়াকেই। তবে ওয়ালিয়া সংবাদমাধ্যমের দায় দেখছেন না। উল্টো বলছেন, বিসিসিআই সভাপতি যা বলছেন, সেটা তার ব্যক্তিগত অভিমত। সিবি সিরিজে নিজেদের সপ্তম ম্যাচ খেলতে পরশু সিডনিতে এসেছে ভারত। আগামীকাল স্বাগতিক অস্ট্রেলিয়া তাদের প্রতিপক্ষ। এ ম্যাচ জিততে না পারলে ভারত মাড়াতে পারবে না ফাইনালের চৌকাঠ। ওয়েবসাইট।