ধোনি-শেবাগে শীতল যুদ্ধ নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ক্রিকেট দলের উইকেট রক্ষক মহেন্দ্র সিং ধোনি ও সিনিয়র খেলোয়াড় বীরেন্দর শেবাগের মধ্যে শীতল যুদ্ধ চরমে—এমন খবরই চাউর হয়েছিল। তবে এ দুই খেলোয়াড়ের মধ্যে এমন কোনো কিছু নেই বলে দাবি করলেন দলের ম্যানেজার জি এস ওয়ালিয়া। টাইমস অব ইন্ডিয়াকে ওয়ালিয়া জানালেন, একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে সেটা তাঁদের সম্পর্কে ফাটল ধরার মতো কিছু না।গতকাল বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও জানানো হয়, দলে কোনো বিভাজনের সৃষ্টি হয়নি এবং উদ্বিগ্ন হওয়ার মতোও কিছু হয়নি। বোর্ডের সেক্রেটারি সঞ্জয় জাগদেল টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন। ড্রেসিংরুমে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাঁদের কাজ করার কথাও বলেছেন তিনি।দলে দ্বন্দ্বের গুজবে জোর হাওয়া লাগে সিবি সিরিজের শুরুতেই। ধোনি দলের তিন সিনিয়র খেলোয়াড় শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ ও গৌতম গম্ভীরের ফিল্ডিং নিয়ে মন্তব্য করেন। এর পাল্টা জবাবও দেন শেবাগ। ধোনির পক্ষ থেকে বলা হয়েছিল, একসঙ্গে তিন সিনিয়রকে খেলালে ফিল্ডিংয়ে এর প্রভাব পড়ে। তবে শেবাগ জানিয়েছিলেন, ধোনি তাঁদের তিনজনের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। আগামী বিশ্বকাপ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে; তাই তরুণদের খেলানোর বিষয়ে সর্বোচ্চ সুযোগ দিতে চান ধোনি।