ধোনি সর্বকালের সেরা অধিনায়ক: সৌরভ
সৌরভ গাঙ্গুলীকে বলা হয়, ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। অন্তত, ভারতের হয়ে তাঁর রেকর্ড তেমন কথাই বলে। ২০০০ সালে একটি প্রতাপহীন ও নির্দিষ্ট তারকার ওপর নির্ভরশীল দলের অধিনায়কত্ব নিয়ে রাতারাতিই পরিবর্তন এনে দেন ‘দাদা’। দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। একসময় যে দলটির ‘বদনাম’ ছিল যে তারা ‘দেশের মাটিতে বাঘ, বিদেশে বিড়াল’ সেই ভারতীয় দলই তাঁর নেতৃত্বে বিদেশের মাটিতে, বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দেশে টেস্ট জিততে না পারার অমর্যাদাকর গ্লানি ঘুচিয়ে দেয়। একসময় শচীন টেন্ডুলকার ও মোহাম্মদ আজহারউদ্দিনের মতো বিশেষ তারকাদের সাফল্য-ব্যর্থতা যে দলের ফলাফলকে প্রভাবিত করত, সেই দলকেই তিনি পরিণত করেন ‘টিম ইন্ডিয়া’য়।নয়ন মঙ্গিয়া, বিজয় দাহিয়া, দীপ দাশগুপ্ত, পার্থিব প্যাটেলদের পর মহেন্দ্র সিং ধোনি নামের ঝাড়খন্ডের এক উইকেটরক্ষক-ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বের সময়েই আবির্ভূত হয়েছিলেন। সময়ের পথ-পরিক্রমায় সেই ধোনিই আজ ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। নিজের অধিনায়কত্বে যে খেলোয়াড়টির আবির্ভাব ও পরে মহাতারকায় পরিণত হওয়া কি একটু হলেও আপ্লুত করে না মহারাজকে?আপ্লুত হওয়া তাঁর অভিধানে নেই। জীবনাচরণেও এসব শব্দকে দূরেই সরিয়ে রাখতে চান তিনি। সেই সৌরভ আজ সরাসরিই বলে দিয়েছেন, ‘ধোনি ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। ক্রিকেটের তিনটি ফরম্যাটেই ধোনির অর্জন এমন কথাই বলছে।’মুম্বাইয়ের একটি পত্রিকাকে দেওয়া সংক্ষিপ্ত অথচ মূল্যবান বক্তব্যে সৌরভ আরও বলেছেন, ধোনি যে ভারতের সেরা অধিনায়ক, তা নিয়ে কারও মনে বিন্দুমাত্র সংশয় থাকার অবকাশ নেই।’সৌরভের বক্তব্যে আবেগ-টাবেগ নেই, রয়েছে তাঁর অধিনায়কত্বকালীন কাঠিন্য। ওয়েবসাইট।