ধোনি ‘ঝড়ে’ ভারত ৩৬০
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এসেছিল, কিন্তু ব্যক্তিগতভাবে ভালো করেননি মহেন্দ্র সিং ধোনি। ওই ম্যাচের ঝালটা যেন নিউজিল্যান্ডের উপর মেটালেন ভারতীয় অধিনায়ক। ধোনির ‘ঝড়ো’ সেঞ্চুরিতে বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের সামনে ৫ উইকেটে ৩৬০ রানের পাহাড় গড়েছে ভারত।শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। দলীয় মাত্র ৪২ রানেই দুটি উইকেট নেই। কিউই বোলারদের তৃপ্তি বলতে এটুকুই। শেবাগ ২৩ ও টেন্ডুলকার ১৭ রানে বিদায়ের পর পাল্টে যায় ম্যাচের চিত্র। প্রস্তুতি ম্যাচ নয়, যেন চার-ছয়ের মহড়া দিচ্ছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা!৬৪ বলে ১১ চার ও তিন ছয়ে ধোনি খেলেন ১০৮ রানের অপরাজিত ইনিংস। এর আগে গৌতম গম্ভীর সাজঘরে ফেরেন দলীয় সংগ্রহে ৮৯ রান যোগ করে। ৬৮ বলে বিরাট কোহলি ৫৯ আর সুরেশ রায়না ২৬ বলে ৫০ রান করেন। রায়নার অর্ধ-শত রানের ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছয়ের মার! ক্রিকইনফো।