ধোনিই খলনায়ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধোনির ইন্ধনেই ভারতীয় দলে নেই যুবরাজ!  ছবি: এএফপি
ধোনির ইন্ধনেই ভারতীয় দলে নেই যুবরাজ! ছবি: এএফপি

ধোনির সঙ্গে ব্যক্তিগত ঝামেলার কারণেই নাকি এবারের বিশ্বকাপ দলে নেই যুবরাজ সিং! বিস্ফোরক এই মন্তব্য খোদ যুবির বাবা যোগরাজ সিংয়ের। বিশ্বকাপ দলে ব্রাত্য হলেও আইপিএলে তিনি এই মুহূর্তে সবচেয়ে দামি খেলোয়াড়ই। গতকাল রেকর্ড মূল্যে তিনি বিক্রি হয়েছেন দিল্লির ডেয়ারডেভিলসের কাছে। ছেলের নতুন অর্জনেই কিনা আবেগপ্রবণ যোগরাজের কণ্ঠে এমন সাংঘাতিক অভিযোগ।
বিশ্বকাপ দলে তাঁর ছেলেকে প্রত্যাশা করেছিলেন যোগরাজ। ঘোষিত দলে যুবরাজের না থাকাটা তাঁকে যথেষ্টই ক্ষুব্ধ করেছে, ‘যুবরাজ বিশ্বকাপ দলে নেই শুনে আমি খুবই অবাক হয়েছিলাম। ধোনি নির্বাচকদের বলেছিল, যুবিকে দলের প্রয়োজন নেই। ধোনি যদি ব্যক্তিগত মনোমালিন্যের কারণে এমনটা করে থাকে, তাহলে আমার কিছুই বলার নেই। ঈশ্বর এর বিচার করবেন।’
২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ে যুবরাজের ছিল অনন্য অবদান। কিন্তু তারপর থেকেই নানা ধকল গেছে এই বাঁহাতির জীবনে। লড়াই করে ফিরে এসেছেন ক্যানসার থেকে। আন্তর্জাতিক ক্রিকেটেও ফর্মের কারণে হয়ে পড়েছিলেন অনিয়মিত। সর্বশেষ আন্তর্জাতিক এক দিনের ম্যাচ খেলেছেন ২০১৩ সালে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সেই ম্যাচটিতে ব্যাট হাতে মাঠেই নামতে হয়নি যুবিকে। গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩০ বলে ১১ রানের এক অদ্ভুতুড়ে ইনিংস খেলে সমালোচনার বান ডেকেছিলেন। এরপর ভারতীয় দলেই আর খেলা হয়ে ওঠেনি তাঁর।
তবে সাম্প্রতিক কালে যুবরাজ আবারও আবির্ভূত হয়েছিলেন স্বরূপে। রঞ্জি ট্রফিতে খেলেছেন দুর্দান্ত। অনেক ভক্ত এবং বিশেষজ্ঞরা আশা করছিলেন যে অন্তত বিশ্বকাপের জন্য ৩০ জনের স্কোয়াডে জায়গা করে নিতে পারবেন এই বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। কিন্তু নির্বাচকেরা এড়িয়ে গেছেন যুবরাজকে। আর এ ব্যাপারে ধোনির উসকানিকেই দায়ী করেছেন তাঁর বাবা যোগরাজ সিং।
তবে যুবরাজ নিজে অবশ্য বাবার এমন মন্তব্যকে ধারণ করেন না। টুইট বার্তায় লেখেন, ‘সব বাবাই তাদের সন্তানদের ব্যাপারে ভীষণ আবেগপ্রবণ। আমি নিশ্চিত তিনি আবেগাক্রান্ত হয়ে একটু বেশি বলে ফেলেছেন। আমি সব সময়ই ধোনির নেতৃত্বে খেলা উপভোগ করেছি এবং ভবিষ্যতেও করব।’ নিজের ফর্মহীনতাকেই দোষী মানছেন তিনি। যুবির মতোই দশা হয়েছে বীরেন্দর শেবাগ, হরভজন সিং, জহির খান ও গৌতম গম্ভীরেরও। তাঁরা সবাই ছিলেন গতবারের বিশ্বকাপজয়ী দলটির গর্বিত সদস্য। কিন্তু ফর্ম এবং ফিটনেসের অভাবে এবার নির্বাচকদের সুনজরে আসতে পারেননি কেউই।
লক্ষণীয় একটি ব্যাপার হলো যুবরাজের টুইট বার্তার শেষ লাইনটি। তাতে স্পষ্ট যে খুব তাড়াতাড়িই ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা তাঁর নেই। সূত্র: পিটিআই।