ধোনিই ভারতের সেরা উইকেটরক্ষক
সদ্যসমাপ্ত ইংল্যান্ড সফরের ভরাডুবি শেষে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর অধিনায়কত্বের ভুলত্রুটির চুলচেরা বিশ্লেষণ তো চলছেই। সমালোচকদের তীর বিদ্ধ করেছে উইকেটরক্ষক ধোনিকেও। ভারতীয় অধিনায়ক ইংল্যান্ড সফরে উইকেটের পেছনেও আশানুরূপ সাফল্য দেখাতে পারেননি বলে অভিযোগ অনেকের। তবে তাঁদের সঙ্গে একেবারেই একমত নন কিরণ মোরে। কখনো কখনো কারও পারফরমেন্স কিছুটা খারাপ হবে। এটাকে খুবই স্বাভাবিকভাবেই দেখছেন ভারতের সাবেক এই উইকেটরক্ষক। ধোনিকেই ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা উইকেটরক্ষকের আসনে বসিয়েছেন তিনি।গতকাল এক সাক্ষাত্কারে কিরণ মোরে বলেছেন, ‘যদি একজন ব্যাটসম্যান একটা বাজে সিরিজ কাটাতে পারেন, তাহলে একই ঘটনা একজন উইকেটরক্ষকের সঙ্গে ঘটবে না কেন? এমন ঘটনা আমার সঙ্গেও ঘটেছে। সেবারও ইংল্যান্ড সফরে আমি গ্রাহাম গুচের ক্যাচ ছেড়েছিলাম। পরে গুচ অনেক রান করেছিল। ধোনি এবার খুব বেশি মিসও করেনি। তার ক্যাচিং ও স্ট্যাম্পিংয়ের পরিসংখ্যান খুবই ভালো। হয়তো সে কিছু বল ছেড়েছে কিন্তু এর পরও ধোনিই ভারতের সেরা উইকেটরক্ষক।’তবে ধোনির কিছু কৌশলগত ত্রুটি শুধরে নেওয়ার পরামর্শ দিয়েছেন কিরণ মোরে। তিনি বলেছেন, ‘ইংল্যান্ডে উইকেটের পেছনে ভালো পারফরমেন্সের জন্য সব সময় বলের সঙ্গে নড়াচড়া করতে হবে। কিন্তু ধোনি বল তাঁর কাছে আসার জন্য অপেক্ষা করে।’ টাইমস নিউজ নেটওয়ার্ক।