ধোনিও বললেন শিশিরের কথা
সংবাদ সম্মেলনে ভারতের পরাজয়ের কারণ জানাতে গিয়ে মহেন্দ্র সিং ধোনি প্রথমেই বললেন, ‘আমার মনে হয় এটা শিশিরের কারণে...।’ ধোনির বাকি কথাগুলো অনেকটা আগের দিন ম্যাচ হারার পর সাকিব আল হাসানের বলে যাওয়া কথার মতোই। যার সারমর্ম, ভারতের বোলিংয়ের সময় ১০ ওভারের পর উইকেটে স্পিনার বা ফাস্ট বোলার কারও জন্যই কিছু ছিল না।’এই সিরিজে তিন দলেরই ‘কমন’ প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে শীতের শিশির। তবে শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা কালকের ম্যাচের পর নিজের অবস্থান থেকে একটু যেন সরে এলেন, ‘আমার মনে হয় শিশির আজ (গতকাল) অনেক দেরিতে পড়া শুরু করেছে। আমি তো বলব রান তাড়া করার কাজটা আমরা খুব ভালো করেছি। খুব ভালো একটা ম্যাচ হয়েছে। জিতে আমরা খুশি।’শীতের মৌসুমে সন্ধ্যার পর কুয়াশা থাকবে, শিশির পড়বে এটাই স্বাভাবিক। সিরিজের প্রথম ম্যাচে শিশির একটু বেশি সমস্যা করলেও গতকালের পরিস্থিতি ছিল অনেকটাই ভালো। এর চেয়েও কম শিশির পড়লে এটা আর শীতকাল কেন! ধোনি তার পরও ২৭৯ রান করেও পরাজয়ের প্রধানতম কারণ বললেন রাতের শিশিরকে, ‘বল পরিবর্তনের পর হয়তো প্রথম কয়েক ওভার স্পিনাররা টার্ন পেয়েছে। কিন্তু এরকম পরিস্থিতিতে ধারাবাহিকভাবে ভালো বল করে যাওয়া কঠিন।’ আগের দিন সাকিব-সাঙ্গাকারা যৌথভাবে শিশির-সমস্যা তুলে ধরেছিলেন ম্যাচ অফিসিয়ালদের কাছে। কাল টসের সময় একই কথা নাকি ধোনিও বলেছেন তাদের। সিরিজের প্রথম ম্যাচেই হেরে যাওয়ায় ধোনি হতাশ, তবে দলের পারফরম্যান্সে তিনি নাকি সন্তুষ্টই।ধোনি যতই শিশিরের ওপর দোষ চাপান, সাঙ্গাকারা পর পর দ্বিতীয় ম্যাচে পাওয়া জয়টাকে দেখছেন দলীয় সাফল্য হিসেবে। সাফল্যের জন্য পিঠ চাপড়ালেন তারুণ্যনির্ভর দলটার, ‘আজ আমাদের এমন ছয়জন খেলোয়াড় ছিল, যারা ছয়টারও কম আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। দলে অনেক তরুণ ক্রিকেটার আছে যারা সুযোগ পেলেই চমকে দিতে পারে। এই জয়টা তাই খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য।’ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ থিলান সামারাবীরার কথা আলাদা করেই বললেন শ্রীলঙ্কা অধিনায়ক। বলেছেন মাত্র ১৫ বলে অপরাজিত ৩৬ রান করা তিশারা পেরেরার কথাও। সঙ্গে একটু আত্মসমালোচনাও জুড়ে দিয়ে বলেছেন, ‘সিঙ্গেল নেওয়া যে গুরুত্বপূর্ণ, সেটা মনে হয় কখনো কখনো আমরা ভুলে যাই।’