ধোনিও বললেন ‘কখনোই ঠিক নয়...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবরাজ সিং প্রশ্নটার উত্তর দেবেন না জানাই ছিল, দিলেনও না। আচরণবিধির কঠোর প্রচীর ভেঙে খামোখা কেন তিনি নাক গলাবেন বিসিবি সভাপতি বনাম বাংলাদেশ অধিনায়কের দ্বৈরথে? তবে কাল অনুশীলন শেষে মাঠ ছাড়ার আগে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ছোট্ট করে দিয়ে গেলেন উত্তরটা— বিসিবি সভাপতি বাংলাদেশ দলের ক্রিকেটারদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনি কি মনে করেন একটা সিরিজ চলাকালে এ ধরনের মন্তব্য করা ঠিক?ধোনি: না, এ ধরনের মন্তব্য করা কখনোই ঠিক নয়।টিম বাসে ওঠার তাড়া ছিল ভারত অধিনায়কের। ধোনিকে এর পর আর কিছু জিজ্ঞেস করা গেল না। তবে একটু আগের সংবাদ সম্মেলনে যে কথা তিনি বলে গেছেন সেটা বিসিবি সভাপতির বক্তব্যের পুরোপুরিই বিপরীত বলতে পারেন। সংবাদ সম্মেলনে ধোনির কাছে জানতে চাওয়া হয়েছিল— টেস্ট, ওয়ানডে—বাংলাদেশের বিপক্ষে তো অনেক ক্রিকেট খেলেছেন। প্রতিপক্ষ হিসেবে দলটাকে কীভাবে মূল্যায়ন করবেন? কখনো কি মনে হয়েছে এই দলের মধ্যে দায়িত্বশীলতার অভাব আছে?ধোনি: আমি মনে করি না যে তাদের মধ্যে দায়িত্বশীলতার অভাব আছে। সমস্যা মূলত সামর্থ্যের প্রয়োগক্ষমতায়। টেস্ট ক্রিকেটে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে আপনাকে। তারপরও চেষ্টা করতে হবে স্কোরবোর্ডে ভালো একটা রান দাঁড় করাতে, বোলাররা যেটাকে সামনে রেখে লড়তে পারবে। বাংলাদেশের সব ব্যাটসম্যানেরই যে প্রয়োগক্ষমতায় সমস্যা আছে, তা নয়। কিছু ব্যাটসম্যান আছে যারা একটু বেশি আক্রমণাত্মক। আমার মনে হয় যত বেশি টেস্ট তারা খেলবে, ততই এই সমস্যা কাটিয়ে ওঠা যাবে।