ধোনিকে আইসিসির সতর্ক বার্তা
রেফারেল পদ্ধতির যথার্থতা বা প্রায়োগিক ব্যাপার-স্যাপার নিয়ে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। গত রোববার ভারত-ইংল্যান্ডের শ্বাসরুদ্ধকর ম্যাচের পর বিতর্কটা নতুন করে উসকে দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ইংলিশ ব্যাটসম্যান ইয়ান বেলের এলবিডব্লিউর আবেদন নাকচ করে দিয়েছিলেন আম্পায়ার বিলি বাউডেন। ধোনি সাহায্য নিয়েছিলেন প্রযুক্তিভিত্তিক রেফারেল পদ্ধতির। রিপ্লেতে দেখা যায় যে বল ঠিকই আঘাত হানত মিডলস্ট্যাম্পে। কিন্তু তার পরও চূড়ান্ত সিদ্ধান্তটা যায় ধোনিদের বিপক্ষে। জানা যায়, রেফারেল পদ্ধতির একটা নতুন নিয়ম। যা অনেকের কাছেই অজানা ছিল। এমনকি ইংলিশ অধিনায়ক অ্যান্ডি স্ট্রাউসও নাকি জানতেন না নিয়মটা।আইসিসির রেফারেল পদ্ধতির এ নিয়মটা হলো, ব্যাটসম্যান যদি উইকেট ছেড়ে ২.৫ মিটার এগিয়ে আসেন, তাহলে তাঁকে এলবিডব্লিউ দেওয়া হবে না। এ নিয়মের জোরেই সাজঘরে ফিরতে হয়নি ইয়ান বেলকে। তবে ব্যাপারটা একেবারেই মনঃপূত হয়নি ধোনির। ম্যাচ শেষে তিনি এই রেফারেল পদ্ধতির একেবারে গোড়ার কিছু বিষয় নিয়েই প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, ‘রিভিউ হচ্ছে, প্রযুক্তির সঙ্গে মানুষের যুক্তিবোধের একটা মিশেল। দুটো কখনো একসঙ্গে চলতে পারে না। এলবিডব্লিউর সিদ্ধান্ত মাঠে দাঁড়িয়ে খালি চোখে আম্পায়াররা দেন, তাঁদের যুক্তিবোধ ব্যবহার করে। হয় এটি পুরোপুরি যুক্তিনির্ভর হতে হবে, নয়তো একে প্রযুক্তিনির্ভর করে দিতে হবে। যদি টিভি রিপ্লেতে দেখা যায় যে বলটা সত্যিই স্ট্যাম্পে আঘাত করত, তাহলে ব্যাটসম্যান উইকেট ছেড়ে কতটা বাইরে বেরিয়ে এল, এটা তো কোনো ব্যাপার না। এটা আউটই দেওয়া উচিত।’তবে ধোনির এ উদ্ধত কথাবার্তা পছন্দ হয়নি আইসিসির কর্মকর্তাদের। কোনো অভিযোগ জানানোর আগে আগে নিয়মনীতিগুলো ভালো করে দেখে নেওয়া উচিত বলে পরামর্শ দিয়েছেন ধোনিকে। আইসিসির জেনারেল ম্যানেজার ডেভ রিচার্ডসন বলেছেন, ‘রেফারেল পদ্ধতি যখন প্রয়োগ করা হয়, তখন শুধু টিভি রিপ্লে ছাড়া আরও অনেক বিষয় আম্পায়ারদের মাথায় রাখতে হয়। বেশির ভাগ সময়ই ক্রিকেটাররা এসব নিয়মনীতিগুলোর কথা মাথায় রাখেন না। আমি নিশ্চিত, ধোনি যদি সেগুলো জানতেন, তাহলে তিনি এ সিদ্ধান্তটা নিয়ে প্রশ্ন তুলতেন না। তিনি সেটা মেনে নিতেন।’ টাইমস অব ইন্ডিয়া।