ধোনিকে নিয়ে আকরাম-বেদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধোঁয়া যখন উঠছে, আগুন নিশ্চয়ই লেগেছে। টিম ম্যানেজমেন্ট ও বোর্ড প্রধান যতই দাবি করুন দল এককাট্টা, ওয়াসিম আকরামের ধারণা ভারতীয় দলে কিছু একটা গন্ডগোল তো হচ্ছেই। তবে ধারাভাষ্য ও কোচিং করানোর সূত্রে ক্রমেই ভারত বিশেষজ্ঞ হয়ে ওঠা পাকিস্তানের সাবেক অধিনায়ক ফিল্ডিং-বিতর্কে সমর্থন দিয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে। ভারত অধিনায়কের সঙ্গে আবার একমত হতে পারছেন না সাবেক এক ভারতীয় অধিনায়ক। বিষেন সিং বেদির ধারণা, ধোনিকে কেউ ভুল পথে চালিত করছে!ভারতীয় দলে গ্রুপিং, অন্তর্দ্বন্দ্বের গুজবে জোর হাওয়া দিয়েছে সাম্প্রতিক ফিল্ডিং-বিতর্ক। তিন সিনিয়র ফিল্ডিংয়ে মন্থর—ধোনির এই মন্তব্যের পিঠে বেশ খোঁচা দিয়েই জবাব দিয়েছেন বীরেন্দর শেবাগ। আকরামের ধারণা ধোনির মন্তব্য ঠিকই আছে, ‘ধোনি খুবই বুদ্ধিমান একজন মানুষ এবং আমি ওর সঙ্গে পুরোপুরি একমত। ওর মনে যা আছে, সেটাই বলে। এই মন্তব্যের পেছনে নিশ্চয়ই ভালো কোনো কারণ আছে। অস্ট্রেলিয়ায় মাঠগুলো অনেক বড়, ক্রিকেটারদের তাই ফিটনেসের চূড়ায় থাকতে হবে। অথচ টেন্ডুলকারের ফিটনেস নিয়ে কেউ প্রশ্ন তোলে না, দেখা যায় সে হয় শর্ট থার্ডম্যান অথবা ফাইন লেগে ফিল্ডিং করছে। টেস্টে ও টি-টোয়েন্টিতে ফিল্ডিং দুর্বলতা লুকোনো যায়, ওয়ানডেতে নয়।’অন্তঃকলহটা আকরামের খুব ভালোই বোঝার কথা। প্রায় পুরো ক্যারিয়ারই তো এসব দেখেছেন পাকিস্তান দলে! নিজের অভিজ্ঞতা ছিল বলেই হয়তো বুঝতে পারছেন ভারতের অবস্থা, ‘আমি কখনোই ধোনিকে এভাবে কথা বলতে শুনিনি। আমার ধারণা, হয় সে সিনিয়রদের নিয়ন্ত্রণ করতে পারছে না, অথবা সিনিয়ররা দলের বোঝা হয়ে উঠেছে।’তবে বেদির ধারণা, সিনিয়রদের পর্যায়ক্রমে খেলানোর সিদ্ধান্তটা বিসিসিআইয়েরও হতে পারে, ‘আমার মনে হয়, ধোনিকে ভুল পথে নেওয়া হয়েছে। কে জানে, হয়তো ও বিসিসিআইয়ের চাওয়াই পূরণ করছে! আমার মনে হয় না ওই ক্রিকেটাররা বাজে ফিল্ডার। আর শুধু এ কারণেই ওদের পর্যায়ক্রমে খেলানো হচ্ছে, এটা মানতেও আমি রাজি নই। শচীন-শেবাগের মতো ক্রিকেটারদের একটা ভাবমূর্তি আছে। এটা ধুলোয় মেশানো যায় না। আমার মনে হয় না ওরা মন্থর। আর দ্রুত ফিল্ডারই বা কজন আছে? এত বিতর্কের জন্যই দলের আত্মবিশ্বাসে বড় রকমের ধাক্কা লেগেছে।’বরাবরই চাঁছাছোলা কথা বলার জন্য পরিচিত বেদি কথা বলেছেন ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক আরেক বিতর্ক নিয়েও। সাবেক অধিনায়ক কপিল দেবসহ অনেকেই বলছেন, বিশ্বকাপের পরই অবসর নেওয়া উচিত ছিল টেন্ডুলকারের। কিন্তু বেদির ভাবনা অন্য রকম, ‘ওটা কপিলের অভিমত। আমার মতে, কখন থামতে হবে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল টেন্ডুলকারেরই আছে। আমার মনে হয় না, টেন্ডুলকার কখন অবসর নেবে সেটা বলার মতো অবস্থায় আমরা আছি।’ ওয়েবসাইট।