ধোনিকে সরিয়ে গম্ভীর!
প্রসঙ্গটা নতুন নয়। গত বছর ভারতের বিশ্বকাপ জয়ের পর থেকেই বিতর্ক চলছে, মহেন্দ্র সিং ধোনিকে টেস্ট দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত কি না। সরিয়ে দিলে কাকে দায়িত্বটা দেওয়া হবে—বীরেন্দর শেবাগ, নাকি গৌতম গম্ভীরকে? ধোনির দল চেন্নাই সুপার কিংসকে হারিয়ে গম্ভীরের দল কলকাতা নাইট রাইডার্স আইপিএল শিরোপা জেতার পর পুরোনো প্রসঙ্গটা আবারও পাদপ্রদীপের আলোয় চলে এসেছে।বিশ্বকাপের পর থেকে টেস্ট ক্রিকেটে ধুঁকছে ভারতীয় দল। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে নামতে নামতে ধোনিদের অবস্থান এখন চার নম্বরে। ধোনিকে টেস্ট অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি ওঠার কারণ এটাই।টেস্ট অধিনায়ক হিসেবে গম্ভীরকে সমর্থন করে সাবেক অধিনায়ক অজিত ওয়াদেকার টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, শেবাগের নেতৃত্ব দেওয়ার ধরনটা হতাশাজনক। কোনো সন্দেহ নেই, টেস্ট দলের দায়িত্ব দেওয়ার মতো যথেষ্ট দক্ষতা এরই মধ্যে দেখিয়েছে গম্ভীর।ওয়াদেকার বলেন, সম্ভবত এখনই নির্বাচকেরা নেতৃত্বে পরিবর্তন আনতে আগ্রহী হবেন না। ধোনি পরীক্ষিত অধিনায়ক। সব ধরনের ক্রিকেটের দায়িত্ব ছাড়তে ধোনি আগ্রহী হলেই কেবল পরিবর্তন আসতে পারে।গম্ভীর আর শেবাগের মধ্যে তুলনা করে ওয়াদেকার বলেন, এই দুই ক্রিকেটারের আচরণগত পার্থক্য অনেক। শেবাগ একগুঁয়ে, নেতৃত্ব দেওয়ার সময় বিভ্রান্তির মধ্যে থাকে। অন্যদিকে নিজেকে প্রমাণ করতে উদগ্রীব গম্ভীর। মনে রাখতে হবে, ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে ও সফল।অবশ্য ধোনির বর্তমান নেতৃত্বেই আস্থা রয়েছে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর। একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে সৌরভ বলেছেন, নেতৃত্বের প্রশ্নে ধোনি আর গম্ভীরের মধ্যে তুলনা করার সময় এখনো আসেনি। সীমিত ওভারের ক্রিকেটে ধোনিই সেরা অধিনায়ক, এমনকি টেস্টেও। বিকল্প হিসেবে গম্ভীরকে দেখতে পারেন নির্বাচকেরা। তবে গম্ভীরের নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা শতকরা মাত্র ২০ ভাগ।