ধোনিকে সাংবাদিকদের বয়কট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে তো শোচনীয় পরাজয়, তার ওপর ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে এক ঘণ্টা দেরি করে এলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পরাজয়ের ক্ষোভ আর ধোনির স্বেচ্ছাচারিতা দুটোকে একসূত্রে গেঁথে সংবাদ সম্মেলনই বয়কট করলেন কাল ভারতীয় সাংবাদিকেরা।আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মানুযায়ী যেকোনো খেলা শেষ হওয়ার আধঘণ্টার মধ্যেই দুই দলের অধিনায়ক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফ করেন। এর পরে সাংবাদিকদের কোনো প্রশ্ন থাকলে তাঁরা অধিনায়কদের তা করেন। সেই নিয়ম মেনেই ম্যাচ শেষ হওয়ার আধঘণ্টার মধ্যেই শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা সংবাদ সম্মেলনে এসে গিয়েছিলেন। নিয়মতান্ত্রিকভাবে সাঙ্গাকারার ব্রিফিং, প্রশ্নোত্তর সব শেষ হওয়ার পর ভারতীয় অধিনায়কের জন্য অপেক্ষায় ছিলেন সাংবাদিকেরা। কিন্তু অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পরও ধোনি মিডিয়া কক্ষে না আসার পর সাংবাদিকেরা ধোনিকে আবিষ্কার করেন রানগিরি স্টেডিয়ামের মাঠে সতীর্থদের সঙ্গে ফুটবল খেলায়। পুরো ব্যাপারটিকেই ভারতীয় সাংবাদিকেরা অপমানের চূড়ান্ত হিসেবে বর্ণনা করেছেন। এরপর ঘণ্টাখানেক পর ধোনি মিডিয়া কক্ষে আসার সঙ্গে সঙ্গেই ভারতীয় সাংবাদিকেরা সেখান থেকে বের হয়ে চলে যান।এদিকে কুমার সাঙ্গাকারা গতকালের ম্যাচে ভারতকে উড়িয়ে দেওয়ার পুরো কৃতিত্ব দিয়েছেন দলের পেসারদের। তিনি বলেন, ভারতকে ১০৩ রানে অলআউট করে দেওয়ার পেছনে কাজ করেছে দলের খেলোয়াড়দের অখণ্ড মনোযোগ। তিনি গতকালের ম্যান অব দি ম্যাচ থিসারা পেরেরার ভূয়সী প্রশংসা করেন।ভারত গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আট উইকেটে হেরে যায়। প্রথমে ব্যাট করে ভারতের সংগ্রহ ছিল মামুলি ১০৩ রান। সেই রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা দুই উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১০৪ রান সংগ্রহ করে ফেলে ইনিংসের ২০৯ বল হাতে রেখেই। বল বাকি থাকার হিসাবে এটি ছিল ভারতের ক্রিকেট ইতিহাসে শোচনীয়তম পরাজয়।—দ্য হিন্দু