ধোনিকেও জেতালেন চাওলা
ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে পীযূষ চাওলা নামটিই জন্ম দিয়েছিল বিস্ময়ের। এই লেগ স্পিনার তাঁর সর্বশেষ ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন ২০০৮ সালের ২ জুলাই। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের আগে জাতীয় দলে আর ডাক পাননি। সুতরাং তাঁকে দলে নেওয়ায় ভারতে সমালোচনা হয়েছে অনেক, যদিও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পক্ষপাত ছিল তাঁর প্রতি।সুযোগ যেভাবেই আসুক, চাওলা জবাব দিতে শুরু করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকলেও খেলেছেন শুধুই শেষ ম্যাচটি। সেঞ্চুরিয়নের এই ম্যাচে তেমন প্রমাণ দিতে পারেননি। ৭ ওভারে ৩২ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। ব্যাট হাতে ৮ রান। তবে চ্যালেঞ্জ যখন বিশ্বকাপ, সেই উত্তেজনা গায়ে লাগতেই চাওলা জেগে উঠলেন। পরশু বেঙ্গালুরুর গা গরমের ম্যাচে মাত্র ২১৪ রানের পুঁজি নিয়েও যে ভারত ৩৮ রানে জিতল, দুর্দান্ত শুরু করা অস্ট্রেলিয়াকে ১৭৬ রানে গুটিয়ে দিল, তাতে বড় অবদান চাওলার। ৯ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ক্লার্ক, হোয়াইট, হাসি, ফাগুর্সন—মিডল-অর্ডারের চার ব্যাটসম্যানকে ২৮ রানের মধ্যে ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে ঠেলে দেন পরাজয়ের দিকে। আর প্রমাণ করেন তাঁকে দলের নেওয়ার যৌক্তিকতা।পছন্দের খেলোয়াড় বলে চাওলার জয় মানে ধোনিরও এক ধরনের জয়। তবে বিশ্বকাপের মূল মঞ্চে চাওলার কাছে ভারত অধিনায়কের দাবিটা আরও বেশি। বল হাতে এ রকম ভালো তো করতেই হবে, ব্যাট হাতেও কিছু রান দিতে হবে, কারণ তাঁকে দলে নেওয়া হয়েছে স্পিনিং অলরাউন্ডার হিসেবে, ‘রোববার তাঁকে উইকেট পেতে দেখাটা ছিল দারুণ। তবে ওকে ব্যাট হাতেও অবদান রাখতে হবে। ও যদি ১৫-২০ রান করতে পারে, সেটা দলকে দারুণ সাহায্য করবে।’পরিসংখ্যান অবশ্য ধোনির এই প্রত্যাশার সঙ্গে যায় না! ২২ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ১১ ইনিংসে মাত্র ৩৬ রান করেছেন, গড় ৬! তবে ঘরোয়া ক্রিকেট অন্য কথা বলে। প্রথম শ্রেণীর ক্রিকেটে গড় ২৯.০৫, এক দিনের ক্রিকেটে ১৯.৭৮।ব্যাটসম্যান চাওলার কাছে রান চান ঠিকই, তবে বোলার চাওলায় দারুণ মুগ্ধ ধোনি, ‘বিশেষজ্ঞ স্পিনার হিসেবেও দারুণ করছে। পীযূষের গুগলিটা ভালো। সাম্প্রতিক সময়ে দেখছি, আম্পায়াররা প্রায় ওর বলে এলবিডব্লু দেয়।’ চাওলার সঙ্গে ধোনির প্রশংসা পেয়েছেন প্রাভিন কুমারের চোটের কারণে সুযোগ পাওয়া পেসার শ্রীশান্তও।পন্টিং হারের দায় একটু হলেও চাপিয়েছেন উইকেটের ওপর। অস্ট্রেলিয়ান অধিনায়কের সঙ্গে সুর মিলিয়ে ধোনিও বলেছেন, বেঙ্গালুরুর উইকেট ওয়ানডের জন্য আদর্শ নয়। শেষে ভারত সমর্থকদের একটা সুখবরও দিয়েছেন। অস্ট্রেলিয়া ম্যাচে না খেলা শচীন টেন্ডুলকার, জহির খানের চোট সে রকম কিছু নয়। ওয়েবসাইট।