ধোনিদের চোখ রানরেটেও
সবচেয়ে বড় ‘ফেবারিট’ তকমা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমেছিল ভারত। অথচ গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচ যেতে না যেতে সেই তকমা নিয়েই টানাটানি। বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন এখন ঝুলছে অনেক ‘যদি, কিন্তু’র ওপর। বাকি দুটি ম্যাচে জয় তো লাগবেই, সঙ্গে মহেন্দ্র সিং ধোনির দলকে চোখ রাখতে হবে রানরেটেও। আজ বেঙ্গালুরুতে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগেও তাই সতীর্থদের কানে মন্ত্র জপে দিচ্ছেন ভারত অধিনায়ক—জিততে তো হবেই, সঙ্গে রানরেটও বাড়িয়ে নিতে হবে যতটা পারা যায়।
নিউজিল্যান্ডের সঙ্গে ৪৭ রানের বড় পরাজয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ভারত। ওই একটি হারই যত ক্ষতি করে দিয়ে গেছে ভারতের। পয়েন্ট তো হারিয়েছেই, সঙ্গে রানরেটেরও করুণ দশা। পাকিস্তানের সঙ্গে ৬ উইকেটের জয় নিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় ভারতের অবস্থান পাঁচ দলের মধ্যে চতুর্থ (গতকাল নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচের আগ পর্যন্ত)। নেট রানরেটের অবস্থাও বেশ নাজুক (-০.৮৯৫)। আজ বাংলাদেশের সঙ্গে ম্যাচের চার দিন পর মোহালিতে অস্ট্রেলিয়ার সঙ্গে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ভারত। ওই ম্যাচে লড়াইটা অনেক কঠিন হবে ধরে নিয়ে, আজকের ম্যাচকেই রানরেটের অবস্থা ভদ্রস্থ করার ‘মিশন’ হিসেবে নিচ্ছে ধোনির দল।
কাল সংবাদ সম্মেলনে এসে আশিস নেহরা অবশ্য বলেছেন, ‘রানরেটের ব্যাপারটা তো মাথায় আছেই। কিন্তু তার আগে আমাদের তো ম্যাচটা জিততে হবে।’ তবে ধোনি একই সঙ্গে দুটি ব্যাপারকেই সমান গুরুত্ব দিচ্ছেন। দলের হার্ড-হিটারদের তাই ভারত অধিনায়ক আগেই মনে করিয়ে দিলেন, ‘প্রথম ম্যাচে (নিউজিল্যান্ড) আমাদের রানরেট অনেক কমে গিয়েছিল। এখন শুধু জিতলেই হবে না। রানরেট বাড়ানোর কথাটাও ভাবতে হবে!’ এএফপি।