ধোনিদের ডাকছে ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের আগে পিচ নিয়ে মহেন্দ্র সিং ধোনি অনেক গবেষণা করেন। গত পরশু হরভজন সিং ও দুই নির্বাচককে নিয়ে ২২ গজে ছোটখাটো একটা টিম মিটিংও সেরে নিলেন। অন্যান্য দিনের চেয়ে নেটেও কাটালেন বেশি সময়। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের সুযোগ তো আছেই, হাতছানি দিচ্ছে ইতিহাসও। ভারত অধিনায়ককে একটু বাড়তি অনুপ্রাণিত দেখাতেই পারে।৩৫ বছর পর ক্যারিবিয়ানে সিরিজ জিতেছে ভারত আগের সফরে (২০০৬), কান্ডারি ছিলেন রাহুল দ্রাবিড়। ধোনির দলের সামনে এবার সুযোগ বারবাডোজ-দুর্গ জয়ের! সেই ১৯৫৩ সালে ক্যারিবিয়ানে প্রথম সফর থেকে শুরু করে ব্রিজটাউনে ৮টি টেস্ট খেলে কোনো জয় নেই ভারতের। ১৯৭১ সালে ড্র-ই সেরা সাফল্য। অবশ্য শুধু ভারত নয়, ব্রিজটাউনের কেনসিংটন ওভাল একসময় আতঙ্ক ছিল প্রায় সব দলের কাছেই। উইকেট ছিল বিশ্বের দ্রুততম। ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলাররা আগুন ঝরাতেন। তবে এসব এখন ইতিহাসের পাতায় আর প্রত্যক্ষদর্শীদের স্মৃতিতে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বর্ণযুগ অতীতের দীর্ঘশ্বাস। হারিয়ে গেছে বারবাডোজের উইকেটের গতিও। এখানে সর্বশেষ ৮ টেস্টের মাত্র একটিতে জিতেছে স্বাগতিক দল। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য বারবাডোজের উইকেটকে অতীতে ফিরিয়ে নিজেদের সুদিন ফেরানোর চেষ্টা করছে। যথাসম্ভব গতিময় ও বাউন্সি করার চেষ্টা করা হয়েছে উইকেটকে। জ্যামাইকায় প্রথম টেস্টে এডওয়ার্ডস-রামপলদের বাউন্সার যথেষ্টই ভুগিয়েছে ভারতের তরুণ ব্যাটসম্যানদের। ধোনির দলের ওই দুর্বলতাই বারবাডোজে ওয়েস্ট ইন্ডিজকে আশা জাগাচ্ছে। একাদশে পরিবর্তন একটিই, সহ-অধিনায়ক ব্রেন্ডন ন্যাশের জায়গায় ঢুকছেন মারলন স্যামুয়েলস। ভারতকে পেলেই যাঁর জ্বলে ওঠার অভ্যাস আছে। তাঁর অফ স্পিনটাও কাজে লাগবে। নিজেদের জাগাতে মনস্তত্ত্ববিদ রুডি ওয়েবস্টারের সঙ্গেও খানিকটা সময় কাটিয়েছে তারা।উইকেট বুঝে ভারতও তিন পেসার নিয়ে নামছে। অমিত মিশ্রর জায়গায় আসছেন সম্ভবত মুনাফ প্যাটেল বা অভিমন্যু মিঠুনের একজন। সম্ভাবনা বেশি দুই বছর আগে সর্বশেষ টেস্ট খেলা মুনাফের। তিন পেসারের মধ্যে কেবল ইশান্ত শর্মাই ১৪০ কিলোমিটারের আশপাশে বোলিং করতে পারেন। প্রাভিন-মুনাফকে টেনেটুনে মিডিয়াম পেসার বলা যায়। তবে প্রাভিনের নিয়ন্ত্রণ ও সুইংই জ্যামাইকায় ভুগিয়েছে সারওয়ান-চন্দরপলদের। সবচেয়ে বড় পরীক্ষাটা হবে দুই দলের ব্যাটসম্যানদেরই। দুর্গ অক্ষুণ্ন রাখতে পারবে উইন্ডিজ, নাকি উড়বে ভারতের পতাকা? ওয়েবসাইট।