ধোনিদের পাশে আছে বোর্ড
এবার কিছুটা স্বস্তি পেতে পারেন মহেন্দ্র সিং ধোনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতায় চারদিকে যখন সমালোচনার ঝড়, অধিনায়কসহ দলে আমূল পরিবর্তনের দাবি তুলছেন অনেকে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তখন দাঁড়িয়েছে অধিনায়ক ও দলের পাশেই। একটা টুর্নামেন্টের ব্যর্থতায় বড় কোনো পরিবর্তন বা কঠিন কোনো সিদ্ধান্ত নিতে চায় না বোর্ড।‘সংবাদমাধ্যম বেচারা ক্রিকেটারদের খলনায়ক বানিয়ে ছাড়ছে। মনে রাখতে হবে, আমাদের চেয়ে ভালো দলের কাছেই আমরা পর্যুদস্ত হয়েছি। টেস্ট-ওয়ানডেতে যতটা ভালো, টি-টোয়েন্টিতে আমরা ততটা ভালো নই’—বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন ডিএনএকে। আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী সত্য বলে মানতে হবে ওই কর্মকর্তার বক্তব্যকেই। গত দুই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে টানা ছয় ম্যাচ হারা ভারত টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল, ওয়ানডেতে আছে অস্ট্রেলিয়ার পরই।এশিয়া কাপের আগে দলের অধিনায়ক বদলের যে গুঞ্জন শোনা যাচ্ছে, সেটাও উড়িয়ে দিয়েছেন বিসিআইয়ের এক কর্মকর্তা, ‘এসব ফালতু কথা। নির্বাচকেরা এখনো একত্রে বসেনইনি, অধিনায়ক বদলের কথা কীভাবে সবাই বলে দিচ্ছে? চটজলদি কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। ভুলে যাবেন না, বিশ্বকাপ কাছে এসে গেছে।’ দল বিদায় নেওয়ার পর কড়া প্রতিক্রিয়া জানানো গ্যারি কারস্টেনও নাকি অনেকটা নরম হয়ে এসেছেন। ভারতের কোচ এখন ছুটি কাটাচ্ছেন বারবাডোজে। তবে আনুষ্ঠানিক রিপোর্টে ফিটনেসে ঘাটতির কথাটা কোচ-ম্যানেজার দুজনই লিখবেন। এ মাসের শেষে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ধোনি, জহির খান, গৌতম গম্ভীর, হরভজন সিং, আশিস নেহরা, যুবরাজ সিংদের। কোচ তাঁদের সবাইকে বলেছেন এক মাসের ছুটি কাটিয়ে এশিয়া কাপের জন্য তরতাজা হয়ে ফিরতে। ছোটখাটো ঝামেলা হয়েছে এই সিরিজের দল নিয়েও। শোনা যাচ্ছে, দল নিয়ে নাকি সন্তুষ্ট নয় টিম ম্যানেজমেন্ট, ইশান্ত শর্মাকে দলে চেয়েছিল তারা। সুরেশ রায়নার নেতৃত্বে এই দলে আছেন উমেশ যাদব, বিনয় কুমার, নমন ওঝা, অশোক দিন্দা, পঙ্কজ সিং, রবীচন্দ্রন অশ্বিনের মতো তরুণেরা। ওয়েবসাইট।