ধোনিভক্ত পাকিস্তানি সমর্থক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চাচা’ নামে পরিচিত আবদুল জলিলের মতো বিখ্যাত এখনো হতে পারেননি তিনি। তবে মাঠে নিয়মিত উপস্থিতি তাঁকে অনেক পরিচিত করে তুলেছে। বেশ কটি ভারত-পাকিস্তান ম্যাচে দুই দেশের জোড়া লাগানো পতাকা নিয়ে গ্যালারি মাতিয়ে নজর কেড়েছেন আলাদা করে। সম্প্রীতির যে সুবাতাস তিনি বইয়ে দিতে চান, সেটির ছোঁয়া নিজেও পেলেন মোহাম্মদ বশির। এই পাকিস্তানি ভক্ত যে কাল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে গ্যালারিতে থাকতে পারলেন, সেটা তো ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সৌজন্যে!
ভাবছেন কীভাবে? বশিরের মুখ থেকেই শুনুন, ‘কাল (পরশু) আমি ভারতের ট্রেনিং সেশন দেখছিলাম। গত চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচে আমি ছিলাম বলেই হয়তো ধোনি আমার চেহারাটা মনে রেখেছেন। আমি তাঁকে বললাম যে ফাইনালের টিকিট নেই আমার। ধোনি তৎক্ষণাৎ একজনকে ডেকে বলে দিলেন আমার জন্য একটি সৌজন্য টিকিটের ব্যবস্থা করতে।’
ধোনির ব্যবহারে মুগ্ধ বশির এখন ভারতীয় অধিনায়কের বড় ভক্ত হয়ে গেছেন, ‘তাঁর ব্যবহারে আমি অভিভূত। তিনি আমার সঙ্গে কথা বললেন, খোঁজখবর নিলেন। অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম বলে একজনকে বললেন আমাকে কিছু ফল খেতে দিতে। আমি পাকিস্তানি সমর্থক কিন্তু আজ থেকে ধোনিরও ভক্ত। ভারতের সঙ্গে আমার আলাদা একটি যোগসূত্রও আছে। আমি তো ভারতের জামাই, আমার স্ত্রী হায়দরাবাদের!’
৬০ ছুঁই-ছঁই বশির থাকেন শিকাগোতে। বিরিয়ানির জন্য বিখ্যাত ‘গরিবে নওয়াজ’ নামে একটি মোগলাই রেস্টুরেন্ট চালান সেখানে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আগামী ৫০ ওভারের বিশ্বকাপও দেখতে যাবেন বশির, এর মধ্যেই পাকিস্তানের সব ম্যাচের টিকিট কেটে ফেলেছেন! ওয়েবসাইট।