ধোনির অডিও টেপ চাইল বিসিসিআই
১৬ এপ্রিল আইপিএল ফিক্সিং নিয়ে পরবর্তী শুনানি। সেখানে লড়াই করার জন্য এবার আটঘাট বেঁধেই নামছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাই পরশু সুপ্রিম কোর্টের কাছে মহেন্দ্র সিং ধোনির বিবৃতির অডিও টেপ ও ট্রান্সক্রিপ্ট চেয়ে আবেদন করেছেন বোর্ডের আইনজীবীরা। উদ্দেশ্য, মুডগাল কমিটির সামনে ভারতীয় অধিনায়ক ঠিক কী বলেছেন সেটা জেনে নিয়ে সেই অনুযায়ী যুক্তিতর্ক উপস্থাপন। তবে শুধু ধোনিরই নয়, সর্বোচ্চ আদালতের নির্দেশে বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া এন শ্রীনিবাসন ও আইপিএলের প্রধান পরিচালন কর্মকর্তা সুন্দর রমণের বক্তব্যের অডিও টেপ চেয়েও আবেদন করেছে বিসিসিআই। তাদের অনুরোধ রাখা হবে কি না সেই বিষয়ে শুনানি ও আদেশ দেওয়া হবে আজ।
এর আগে গত ২৭ মার্চ বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের (বিসিএ) সচিব আদিত্য বর্মার আইনজীবী হরিশ সালভে বলেছিলেন তদন্ত কমিটির সামনে মিথ্যা বলেছেন ধোনি। ‘শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পন নিছকই একজন ক্রিকেটামোদী, চেন্নাই সুপার কিংসের কোনো কর্মকর্তা নন’—মুডগাল কমিটির কাছে নাকি এমনটাই বলেছিলেন ধোনি। পরদিন ধোনির বিরুদ্ধে তোলা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন বিসিসিআইয়ের আইনজীবীরা।
এদিকে বিসিসিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার হুমকি দিয়েছেন আদিত্য বর্মা। আদালতের নির্দেশনার বাইরে গিয়ে কী করে বোর্ড শ্রীনিবাসনকে আইসিসির সভায় ভারতের প্রতিনিধি হিসেবে পাঠাল, সেটাই হবে মামলার উপজীব্য। ওয়েবসাইট।