ধোনির অধিনায়কত্বে সমস্যা দেখছেন না শ্রীকান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট খেলাটাই এমন। সাফল্যের পীঠে চেপে যেমন আসে বন্দনা, ঠিক তেমনি নিন্দা ধরা দেয় ব্যর্থতার পথ ধরে। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও এখন একই অবস্থা। গত বছরের শুরুর দিকের কথা একবার ভাবুন। বিশ্বকাপ জিতে ধোনি তখন আকাশে উড়ছেন। বৃহস্পতি তখন তাঁর তুঙ্গে। কিন্তু শনির দশা যে এত তাড়াতাড়ি এসে পড়বে, তা বোধকরি ধোনির চরম শত্রুও ভাবতে পারেননি।বিশ্বকাপের পরপরই ইংল্যান্ডে টেস্ট খেলতে উড়ে গিয়ে প্রথম পায়ের তলায় উত্তাপ টের পান ভারতীয় অধিনায়ক। চার টেস্টের চারটিতেই হার। বিশ্বকাপ জয়ের আনন্দ ম্লান সেই ধবল ধোলাইয়ের ধাক্কায়। এরপর অস্ট্রেলিয়ায় প্রচুর ঢাকঢোল পিটিয়ে এসে চার টেস্টের সিরিজের প্রথম দুটোতেই হার। পরের দুটো টেস্টে যে দল জিতবে, এমন কথা মুখ ফুটে বলার সাহস হচ্ছে না কারও। এমন একটি সময় ভারতজুড়ে উঠে গেছে ধোনির অধিনায়কত্ব নিয়ে সমালোচনার ঢেউ।ভারতের সাবেক ক্রিকেটারসহ অন্য দেশের কয়েকজন সাবেক ক্রিকেটার একবাক্যে বলেছেন, কেবল ধোনির অধিনায়কত্বের দুর্বলতার কারণেই ভারতের এই বিপর্যয়। তাঁদের মধ্যে রয়েছেন সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, দিলীপ ভেংসরকার, মনিন্দর সিং থেকে শুরু করে ওয়াসিম আকরাম, ইয়ান চ্যাপেল, মার্ক ওয়াহ ও স্টিভ ওয়াহ। তবে এসব সাবেক গ্রেটের সঙ্গে একমত হতে পারছেন না ভারতীয় প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি বলেছেন, ধোনির কোনো দোষ নেই। বাজে ব্যাটিংই ভারতকে ডোবাচ্ছে।‘আমাদের ব্যাটিং অস্ট্রেলিয়া সফরে কখনোই ভালো করেনি। আমরা এই সফরে ভালো পারফরম্যান্সের স্বপ্ন দেখেছিলাম। তবে এটা স্বীকার করতেই হয়, অস্ট্রেলিয়া অবশ্যই আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেই দুটো টেস্টে হারিয়েছে। এ ব্যাপারে সাফাই গাওয়ার কিছু নেই। ব্যর্থতা মেনেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ বলেছেন শ্রীকান্ত।ধোনির অধিনায়কত্ব সম্পর্কে শ্রীকান্ত সাবেক ক্রিকেটারদের অভিযোগ আমলে না নিয়ে বলেছেন, ‘দেখুন হারের পর অজুহাতের অভাব হয় না। ধোনি এই ব্যাপারে সততার পরিচয় দিয়েছে। সে নির্দ্বিধায় ব্যর্থতার কথা স্বীকার করেছে। সে দলের ব্যাটিংয়ের ব্যর্থতাও স্বীকার করেছে। সত্যি কথা বলতে কি এই মুহূর্তে তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলা অন্যায়ই হবে। যেখানে দলের অনেকেই ব্যর্থ, সেখানে তাঁর অধিনায়কত্বের ত্রুটিকেই একমাত্র কারণ হিসেবে বিচার করাটা উচিত না।’এই দলটিকেই ভারতের সেরা দল হিসেবে অভিহিত করে শ্রীকান্ত বলেন, ‘দল নিয়ে কোনো সমস্যা নেই। এই দলের কোনো ইনজুরির সমস্যা নেই, যেমনটা ছিল ইংল্যান্ডে। এত অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি আসলে ইউনিট হিসেবে পারফর্ম করতে পারেনি। আসলে অস্ট্রেলিয়া খেলেছে অসাধারণ ক্রিকেট—ব্যাপারটি আমাদের স্বীকার করতেই হবে।’ পিটিআই।