ধোনির আক্ষেপ, মিসবাহর তৃপ্তি
আগামীকাল দিল্লিতে ম্যাচ। কলকাতার ম্যাচটা ভারত জিতলে কী উত্তাপই না ছড়াত! দিল্লির মসনদ জয় করার মিশনটা তখন হয়ে যেত অলিখিত ফাইনাল। অথচ এই ম্যাচটা হয়ে গেল নিয়ম রক্ষার। ভারত-পাকিস্তান দ্বৈরথ বলে উত্তাপ দিল্লিতেও থাকবে, কিন্তু সিরিজে ১-১ সমতা থাকলে যা হতো, সেই ঝাঁজ কি আর পাওয়া যাবে? থাকবে কি সেই বারুদে গন্ধ?সিরিজে ফেরার সুযোগটা ভারত হেলায় হারিয়েছে। ১৪১ রানের উদ্বোধনী জুটি গড়া পাকিস্তানকে ২৫০-এ আটকে দিয়েও জিততে পারেনি। ইডেনে নিজেদের সর্বনিম্ন স্কোরের রেকর্ড গড়ে অলআউট হয়েছে মাত্র ১৬৫ রানে। অথচ এ মাঠে ২০০-এর নিচে ভারত এর আগে অলআউট হয়েছিল মাত্র তিনবার।‘ক্যাপ্টেন কুল’ বলেই পরিচিতি তাঁর। শত কঠিন পরিস্থিতিতেও মেজাজ হারান না। কিন্তু মেজাজ আর কত ‘কুল’ রাখবেন! পরশু ম্যাচ শেষে মহেন্দ্র সিং ধোনিকে তাই খানিকটা উত্তপ্তই মনে হলো। ব্যাটসম্যানদের ওপরেই যত রাগ তাঁর, ‘শেষ ৩০ ওভারে আমাদের ১৮০ রানের মতো লাগত। ২০ ওভারে ১০০ করলেও শেষ ১০ ওভারে লাগত ৮০-৯০ রান। পাঁচ ফিল্ডারকে বৃত্তের মধ্যে রেখে এই রান কঠিন হওয়ার কথা নয়। কিন্তু এ জন্য তো হাতে উইকেট থাকতে হবে।’প্রথম ম্যাচে শূন্য রানের পর পরশু আউট হয়েছেন ৬ করে। বিরাট কোহলির ওপরেই যেন চোখ পড়েছে সবার। অথচ এই কোহলি এই সিরিজের আগের নয় ইনিংসে সেঞ্চুরি করেছেন পাঁচটি। সেটাই মনে করিয়ে দিয়ে ধোনি বলছেন, দায়টা কোহলির একার নয়, ‘বিরাট আমাদের জন্য অনেক রান করেছে। ও নয়, আসলে প্রথম তিন ব্যাটসম্যানের একজনকে মিডল অর্ডারের সঙ্গেও জুটি গড়তে হবে। তাহলে কাজটা সহজ হয়ে যায়।’ গম্ভীর ও শেবাগের সঙ্গে ধোনির সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা কথা শোনা যায়। কোহলিকে আড়াল করে প্রথম তিন ব্যাটসম্যানের এমন তীব্র সমালোচনার তাই অন্য অর্থ করে নিচ্ছেন অনেকে।ওদিকে মিসবাহ পড়েছেন মধুর সমস্যায়। প্রথম ম্যাচে জেতার পরেও বলেছিলেন, এভাবে সহজ ম্যাচটা কঠিন করে জেতাটা পছন্দ হয়নি। পরশু সিরিজ জয় নিশ্চিত করে ফেললেও ১০৯ রানে ১০ উইকেট হারিয়ে ফেলার ভুলটা কিন্তু ঠিকই উঠে এল পাকিস্তান অধিনায়কের আতশকাচের নিচে। সেটিকে বড় হয়ে উঠতে দেননি বলে বোলারদের পিঠও চাপড়ে দিলেন, ‘বোলাররা আসলেই দুর্দান্ত করেছে। বিশেষ করে জুনাইদ দুই দিকেই বল সুইং করিয়ে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিচ্ছে। ইরফানের আছে উচ্চতা, গুলও আজ দারুণ বোলিং করেছে। স্পিনে আজমল আর হাফিজও সব সময়ই আমাদের কিছু না-কিছু দিয়েছে। আমরা আসলে বোলিংয়েই এগিয়ে আছি।’শেষটাও ভালো চান মিসবাহ। দিল্লির ফিরোজ শাহ কোটলার সঙ্গে ‘ইডেনীয়’ সম্পর্ক হয়তো নেই। কিন্তু এ মাঠে একটি মাত্র ওয়ানডে খেলে ভারতকে ১৫৯ রানের বিশাল ব্যবধানেই হারিয়েছিল পাকিস্তান! ভারতকে এখন চোখ রাঙাচ্ছে নিজেদের দেশে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা। ওয়েবসাইট।