ধোনির কল্পচোখে স্পিন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাতার মতো ঘিরে আছেন জনা চারেক ফিল্ডার। ফ্রন্টফুট ডিফেন্সটা নিখুঁত করতে তাই যতটা পারা যায় নুয়ে পড়লেন ব্যাটসম্যান। কিন্তু আচমকা বাড়তি একটু লাফিয়ে বাঁক নিয়ে বল লাগল ব্যাটসম্যানের পাঁজরে! মহেন্দ্র সিং ধোনির চোখে ভাসছে টুকরো টুকরো এমন কিছু ছবি। কল্পনার এই দৃশ্যগুলোর বাস্তব চিত্রায়ণ চান ভারতের অধিনায়ক। সামনের সিরিজে স্পিনবিষেই নীল করতে চান ইংলিশ ব্যাটসম্যানদের। একসময় ভারতের উইকেট ছিল স্পিনস্বর্গ। কখনো তিন, কখনো চার স্পিনার নিয়ে সফরকারী দলগুলোকে হরহামেশাই নাকানিচুবানি খাইয়েছে ভারত। সময়ের পরিক্রমায় ভারতের উইকেট এখন আর আগের মতো স্পিনারদের মৃগয়া নয়। তবে প্রতিশোধস্পৃহায় সেই দিনগুলোতে ফিরে যেতে চান ধোনি। গত বছর ইংল্যান্ডে গিয়ে গতি-সুইং-বাউন্সে নাকাল হয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। এবার স্পিনেই সেটার জবাব দিতে চান ধোনি, ‘একজন অফ স্পিনার বোলিং করছে আর ডিফেন্স করতে গিয়ে বল ব্যাটসম্যানের পাঁজরে লেগেছে, এমন দৃশ্য দেখি না অনেক দিন। অনুভূতিটা খুব যন্ত্রণাময় কিন্তু উপভোগ্যও...এটাই হলো স্পিনারদের স্বর্গ। বিশ্বজুড়েই নানা উইকেটের আচরণ নানা রকম। স্বাভাবিকভাবেই উপমহাদেশে এলে টার্নিং ট্র্যাকে খেলতে হবে।’বাজারে জোর গুঞ্জন, ধবলধোলাইয়ের জ্বালা জুড়াতে নাকি ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের সব ভেন্যুতে স্পিন ফাঁদ চেয়েছেন ধোনি। তবে ভারত অধিনায়ক এটি সরাসরি স্বীকার করেননি, ‘কোনো নির্দিষ্ট ধরনের উইকেট চাওয়ার ব্যাপার নেই। গ্রাউন্ডসম্যানরাই উইকেট সবচেয়ে ভালো চেনেন। কখনো কখনো আমরা আমাদের চাহিদার কথা জানাই বটে, তবে শেষ পর্যন্ত যে ধরনের উইকেট দেওয়া হয়, আমরা তাতেই খেলি।’দিল্লিতে একটি পণ্যের প্রচারণা অনুষ্ঠানে আসা ভারত অধিনায়ককে কথা বলতে হলো যুবরাজ সিংকে নিয়েও। ধোনি জানালেন, টেস্ট দলে ফিরতে হলে যুবরাজকে ফিটনেসের চূড়ান্ত প্রমাণ দিয়েই ফিরতে হবে, ‘এখানে বসে যুবরাজের ফিটনেস নিয়ে কথা বলা আমার জন্য মুশকিল। আমাদের দেখতে হবে যুবরাজ টানা দুই দিন ফিল্ডিং করার মতো অবস্থায় আছে কি না। ওয়ানডেতে জানাই আছে যে সর্বোচ্চ ৫০ ওভার ফিল্ডিং করতে হবে, টেস্ট ক্রিকেটে কোনো দল দেড় দিন বা দুই দিনও ব্যাটিং করতে পারে। তবে নিজের ফিটনেসের সবচেয়ে বড় বিচারক যুবরাজ নিজেই। ঘরোয়া ক্রিকেটে কয়েকটি ম্যাচ খেলেছে ও, নিজেকে যাচাই করার ভার ওর নিজের ওপরই।’ এএফপি, রয়টার্স।