ধোনির চোখে ‘সেরা সুযোগ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে ভারত—এই ভবিষ্যদ্বাণীটা প্রথমে করেছেন অ্যাডাম গিলক্রিস্ট। পরে সুর মিলিয়েছেন আরেক অস্ট্রেলিয়ান অ্যান্ড্রু সাইমন্ডস। আরও এক ধাপ এগিয়ে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মনে করছেন, অস্ট্রেলিয়াকে হারানোর এবারই ‘সেরা সুযোগ’ তাঁদের।অস্ট্রেলিয়ার মাটিতে কখনোই টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। কিন্তু ভারত অধিনায়ক আশাবাদী, এবার হবে, ‘এমনকি গত সফরেই ভালো সুযোগ ছিল আমাদের। আমরা ভালো খেলেছিলাম। এই নয় যে, প্রতিপক্ষ ভালো না করলে...আমি মনে করি, এবার সেরা সুযোগ আমাদের।’ইংল্যান্ড সফরে ধবলধোলাই হয়ে এলেও সেই ইংল্যান্ডের বিপক্ষেই ঘরের মাঠে ওয়ানডে সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট-ওয়ানডে সিরিজ জিতে ধোনির দল আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। ধোনিও বলছেন সে কথাই, ‘দলটা এখন বেশ ভালো অবস্থায় আছে এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে।’ধোনি কথাটা এমন দিনে বলেছেন, যেদিন হোবার্ট টেস্টে নিউজিল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হেরে গেছে ৭ রানে। এর আগে দক্ষিণ আফ্রিকা থেকেও অস্ট্রেলিয়া সিরিজ ড্র করে ফিরেছে। তবে কি ক্লার্কের দলকে সংগ্রাম করতে দেখেই উজ্জ্বল ভারত অধিনায়কের চোখ? নিজের দলের শক্তি-দুর্বলতার দিকটি ধোনি জানেন বলেই বলতে পারছেন, ‘যাদের পেয়েছি, তাদের নিয়েই আমরা সামর্থ্য অনুযায়ী খেলব। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমাদের শক্তি এবং দুর্বলতা নিয়েই আমাদের কাজ করা দরকার। কোন দিকটিতে আমাদের বেশি নজর দিতে হবে, সেটিই আমার ভাবনায়; কাদের সঙ্গে খেলছি, তা নিয়ে ভাবার দরকার নেই।’অস্ট্রেলিয়ার কন্ডিশনে পেস বোলিংটাই হবে ভারতের বড় চ্যালেঞ্জ। অথচ এই সফরে ধোনিদের যেতে হচ্ছে পছন্দের দুই পেস বোলার প্রাভীন কুমার ও বরুন অ্যারনকে ছাড়াই। দুজনই চোটের কারণে ছিটকে পড়েছেন দল থেকে। তবে অভিজ্ঞ জহির খান এবং উমেশ যাদবের মতো তরুণদের নিয়ে আশাবাদী ধোনি।ইংল্যান্ড সফরের পর থেকেই দলের বাইরে হরভজন সিং। অস্ট্রেলিয়া সফরেও নেই ৪০৬ টেস্ট উইকেটের মালিক। তাঁর জায়গায় রবিচন্দ্রন অশ্বিন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত সিরিজেই অভিষেক যাঁর। তবে অভিষেক সিরিজেই ২২ উইকেট নিয়ে সিরিজ-সেরা, ২৫ বছর বয়সী অশ্বিনের ওপরও অধিনায়কের অগাধ আস্থা।২৬ ডিসেম্বর মেলবোর্ন টেস্ট দিয়ে শুরু ৪ ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যান একাদশের বিপক্ষে ভারত খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। প্রথমটি শুরু আগামীকাল ক্যানবেরায়। মানে অস্ট্রেলীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার অনেক সময় পাচ্ছেন ধোনিরা।টেন্ডুলকারসহ দলের সাত সিনিয়র সদস্য অস্ট্রেলিয়ায় চলে গেছেন আগেই। বাকিদের নিয়ে অস্ট্রেলিয়ার বিমান ধরার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ ডানকান ফ্লেচারকে পাশে বসিয়ে ধোনি এই প্রার্থনাই করেছেন, ‘আশা করি, আমাদের অনেক চোটের শিকার হতে হবে না।’ইংল্যান্ড সফরের দুঃস্মৃতি ভারত অধিনায়ককে তাড়িয়ে ফিরছে এখনো! ওয়েবসাইট।