ধোনির ঝড়ে চেন্নাই ১৭৬
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সুব্রামনিয়াম বদ্রিনাথের দুর্দান্ত ব্যাটিংয়ে দিল্লি ডেয়ার ডেভিলসকে ১৭৭ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে চেন্নাই সুপার কিংস। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটসম্যান গড়েন ৯৬ রানের জুটি। ইনিংসের শেষ ওভারে ৫৫ রান করে রানআউটের ফাঁদে পড়েন বদ্রিনাথ। ৩১ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ধোনি।আইপিএলের ৫৬তম ম্যাচে আজ শুরুটা ভালো হয়েছিল দিল্লিরই। টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ওপেনার মাইক হাসির উইকেট হারিয়ে কিছুটা বিপদেই পড়ে গিয়েছিল চেন্নাই। কিন্তু আরেক ওপেনার মুরালি বিজয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই ধাক্কা কিছুটা সামলে নেয় তারা। দ্বিতীয় উইকেটে সুরেশ রায়নাকে সঙ্গে নিয়ে তিনি স্কোর বোর্ডে যোগ করেন ৩৫ রান। ১১তম ওভারে দলীয় ৬৮ রানের মাথায় সাজঘরে ফেরেন মুরালি (৩৫)। এর পরই শুরু হয় ধোনি-বদ্রিনাথের ঝোড়ো ব্যাটিং। বাকিটা সময় দিল্লির বোলারদের রীতিমতো নাজেহালই করে দিয়েছেন এই দুই ব্যাটসম্যান।দিল্লির পক্ষে একটি করে উইকেট নিয়েছেন ইরফান পাঠান, বরুণ অরুণ ও অজিত আগারকার।