ধোনির দলকে সাবেকদের কশাঘাত
দুটো টেস্টেই অসহায় আত্মসমর্পণ। মাত্র কদিন আগের সিংহ, টেস্টের এক নম্বর দলটির এমন লেজ গুটিয়ে লড়াই করতে দেখে ভারতের সাবেক ক্রিকেটাররা রীতিমতো ক্ষিপ্ত। ক্ষোভের আগুনে উত্তরসূরিদের পুড়িয়ে ছারখার করে দিলেন সাবেকরা।সুনীল গাভাস্কার তো আরও এক কাঠি এগিয়ে প্রশ্ন করেছেন, ভারতীয় ক্রিকেটাররা কি অস্ট্রেলিয়ায় ভ্রমণে গেছে? ‘বড়দিন অস্ট্রেলিয়ার জন্য অনেক বড় একটা ব্যাপার। অস্ট্রেলীয় ক্রিকেটাররা প্রথম টেস্টের ছুটি নিতেই পারে। কিন্তু আমাদের খেলোয়াড়েরা কী করছিল? তারা কেন অনুশীলন করেনি। তারা সেখানে ভ্রমণ করতে গেছে, নাকি ক্রিকেট খেলতে?’—প্রশ্ন গাভাস্কারের।খেলোয়াড়দের দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তুলেছেন লিটল মাস্টার, ‘প্রথম টেস্টটা চতুর্থ দিনেই শেষ হলো। ঠিক আছে, তারা পঞ্চম দিনটায় ছুটি কাটাল। কিন্তু এরপর তারা অনুশীলন করল না কেন? খেলোয়াড়দের দৃষ্টিভঙ্গিটা আমি বুঝতে পারি না। সফরে থাকার সময় তাদের শুধু অনুশীলন, অনুশীলন আর অনুশীলন করা উচিত, যাতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপনি মানসিকভাবে তৈরি হতে পারেন। কেউ কেন কোনো প্রশ্ন তুলছে না। এই প্রশ্নগুলো অবশ্যই তোলা উচিত।’এক শচীন টেন্ডুলকার ছাড়া সিনিয়র ক্রিকেটারদের সবার অবস্থাই খারাপ। শোচনীয়ই বলা যায়। রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দর শেবাগ, মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভীরদের চেয়ে বেশি রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন। সিনিয়রদের ব্যর্থতা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন কপিল দেব। বিশ্বকাপজয়ী অধিনায়ক বলছেন, সময় এসেছে সিনিয়রদের কাঠগড়ায় দাঁড় করানোর, ‘কাগজে-কলমে আমাদের ব্যাটিং লাইপআপ তো দেখতে দুর্দান্তই দেখায়। কিন্তু আসলেই এটা সেরা কি না, তা সবচেয়ে ভালো বোঝা যায় নির্দিষ্ট দিনে তাদের অবদান দেখলেই। অবসরের ব্যাপারটা সবার মাথায় রাখা উচিত। আপনি যদি পারফর্ম করতে না পারেন, দল যদি না জেতে; আপনার অতীত রেকর্ড যত সমৃদ্ধই হোক না কেন, সেটা কিন্তু আপনার জায়গার নিশ্চয়তা দিতে পারে না।’কিন্তু সিনিয়রদের হটিয়ে দেওয়াতেই কি সমস্যার সমাধান? সাবেক অধিনায়ক দিলীপ ভেংসরকার বলছেন, সেই শূন্যতা পূরণের জন্য যোগ্য নতুন খেলোয়াড় কি আছে ভারতের? ‘তিক্ত সত্যটা হলো, মশালটি বয়ে নেওয়ার মতো নতুন চ্যাম্পিয়ন খেলোয়াড় আমাদের নেই। সম্ভবত আমরা আমাদের সেরাটা পেছনেই ফেলে এসেছি। আমাদের দলের বড় বড় ব্যাটিং তারকারা এত দিন ধরে অন্যান্য শূন্যতা পূরণ করে এসেছে। কিন্তু তারাও তো এখন শেষের প্রান্তে দাঁড়িয়ে। দুই দশক পরও টেন্ডুলকারের ওপর আরও বেশি নির্ভরশীলতা তৈরি হওয়াতেই আমাদের দৈন্য প্রকাশ পায়।’তবে কি ভবিষ্যতে আরও অন্ধকার গ্রহণ ঘনিয়ে আসছে ভারতীয় ক্রিকেটে! এএফপি, ওয়েবসাইট।