ধোনির দাম ১০ কোটি!
১৯৮৩ বিশ্বকাপ জয় ভারতে এনেছিল ক্রিকেটের জোয়ার। আর ২০১১ বিশ্বকাপ জয় আনছে অর্থের জোয়ার। বিসিসিআই ঘোষিত অর্থ পুরস্কার এক কোটি থেকে এক লাফে দ্বিগুণ হয়ে গেছে। বিভিন্ন রাজ্য সরকার, স্পনসর কোম্পানিগুলো দিচ্ছে গাড়ি-বাড়ি, জায়গা-জমি। পরিস্থিতি বুঝে এবার নিজেদের দামটাও বাড়িয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনিরা। বিশ্বজয়ী ক্রিকেটার বলে কথা, তাঁদের কোনো পণ্যের দূত করতে হলে টাকাটাও তেমনই দিতে হবে!ভারতের বিজ্ঞাপনের বাজারে বরাবরই ক্রিকেটারদের চাহিদা অনেক। বিশ্বকাপ জয়ের পর সেটা বেড়ে গেছে আরও। সুযোগটা ভালোমতোই নিয়েছেন ক্রিকেটাররা। যথারীতি সবচেয়ে ‘হটকেক’ অধিনায়ক ধোনি। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রিকেটার নিজেদের অবস্থানটা হয়তো আরও পাকাপোক্ত করতে চাইছেন। বিশ্বকাপের আগে যেখানে এককটি পণ্যের জন্য ৬ কোটি রুপি করে নিতেন, এখন হাঁকছেন ১০ কোটি! এই টাকায় কোনো চুক্তিতে সই করলেই বিজ্ঞাপনের বাজারে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খানদের কাতারে চলে আসবেন ভারত অধিনায়ক। সামান্য পিছিয়ে থাকবেন শুধু আমির খানের চেয়ে।অধিনায়কের চেয়ে কম যান না যুবরাজ সিংও। আগে নিতেন ২ থেকে আড়াই কোটি রুপি, বিশ্বকাপের ম্যান অব দ্য সিরিজ হয়ে এখন চাইছেন ৫ কোটি। কম-বেশি দাম বাড়িয়েছেন প্রায় সবাই। শচীন টেন্ডুলকারের ব্র্যান্ড ম্যানেজার দাম বাড়ানোর কথা স্বীকার করেছেন, তবে বাড়ানোর পরিমাণটাকে বলছেন অতিরঞ্জিত। এত টাকা দেওয়ার সামর্থ্য তো সবার নেই। অনেক কোম্পানি তাই ছুটছেন আইপিএল তারকাদের দিকে। ওয়েবসাইট।